জেলার নাম নিয়ে টানাহেঁচড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির নাম বিষয়ে জেলা প্রশাসকের এক গোপন সার্কুলার নিয়ে জেলার আদিবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই সার্কুলারকে আদিবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যায়িত করে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা।জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১ নভেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিবর্তে খাগড়াছড়ি জেলা লেখার নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। এতে এক জায়গায় ‘গোপনীয়’ শব্দটি লেখা আছে। সার্কুলারে স্বাক্ষর করেন সহকারী কমিশনার অঞ্জন কুমার সরকার। গত রোববার এ বিষয়টি প্রকাশ হওয়ার পর আদিবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।সার্কুলার নিয়ে ক্ষোভ প্রকাশ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কো চেয়ারপারসন ও আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা ও ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বলেন, জেলা প্রশাসকের এ ধরনের সিদ্ধান্ত পার্বত্য চুক্তিকে অস্বীকার করার শামিল। এতে পার্বত্য এলাকার ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করা হয়েছে। জানতে চাইলে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেন, ১৯৮৩ সালের ১৩ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এত দিন জেলার নাম ভুলভাবে ব্যবহূত হয়ে আসছে। সার্কুলারের প্রজ্ঞাপন অনুসারে জেলার নাম লেখার জন্য বলা হয়েছে। কোনো নাম ভুলভাবে ব্যবহার করা ঠিক নয়।