জেলার নাম বদলানোর প্রজ্ঞাপনটি প্রত্যাহার
খাগড়াছড়ি জেলার নাম শুদ্ধভাবে লিপিবদ্ধকরণ-সংক্রান্ত জেলা প্রশাসকের জারি করা গোপন প্রজ্ঞাপনটি গত মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার অঞ্জন কুমার সরকার স্বাক্ষরিত পত্রে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিবর্তে খাগড়াছড়ি লেখার নির্দেশনা-সংক্রান্ত পত্রটি প্রত্যাহার করা হলো এবং আগের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলা লেখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রসঙ্গত, ১ নভেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসকের গোপনীয় শাখা থেকে জারি করা এক আদেশে সরকারি কাজকর্মে খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিবর্তে জেলার নাম হিসেবে খাগড়াছড়ি লেখার নির্দেশ দেওয়া হয়। ঘটনাটি প্রকাশিত হওয়ার পর আদিবাসীদের বিভিন্ন সংগঠন এই আদেশের বিরোধিতা করে এবং এটি প্রত্যাহারের দাবি জানায়। এ বিষয়ে মঙ্গলবার প্রথম আলোয় ‘জেলার নাম নিয়ে টানাহেঁচড়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।