প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল মঙ্গলবার নোয়াখালী আসছেন। বর্তমান সরকারের মেয়াদে এটি তাঁর প্রথম নোয়াখালী সফর। সফরকালে তাঁর কাছে জেলাবাসীর মূল দাবি, জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা এবং বর্তমান মেয়াদেই তার বাস্তবায়ন।এর আগে ২০০০ সালের ২৩ জানুয়ারি সর্বশেষ নোয়াখালীতে আসেন শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রী ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া দুপুরে তিনি জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেট মাঠে জনসভায় ভাষণ দেবেন। গতকাল রোববার প্রধানমন্ত্রীর জনসভাস্থলে এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দাবিসহ ১২টি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: নোয়াখালী সরকারি কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ক্যাডেট কলেজ স্থাপন, নোয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, চৌমুহনী-সোনাপুর রেলপথের পাশে নতুন বিকল্প সড়ক নির্মাণ, সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যানঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণ, চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ, সোনাপুর-জোরালগঞ্জ সড়ক পাকাকরণ, সন্দ্বীপ-কোম্পানীগঞ্জ ক্রস-ড্যাম নির্মাণ, নোয়খালী খাল পুনঃখনন, হাতিয়া-নিঝুম দ্বীপ ক্রস-ড্যাম নির্মাণ ও নোয়াখালী জেলা শহরে চান্দিনি ভিটির স্থায়ী বন্দোবস্ত প্রদান ও মূল্য পুনর্নির্ধারণ করা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, আওয়ামী লীগের নেতা আবদুল মোমিন, মো. শাহজাহান, জিয়াউল হক, আবদুল ওয়াদুদ প্রমুখ। প্রধানমন্ত্রী সফরকালে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুরের সুন্দলপুর গ্যাসক্ষেত্র, কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, নোয়াখালী মেডিকেল কলেজের একাডেমিক ভবন, সোনাইমুড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ তলা একাডেমিক ভবন ও মুছাপুর ক্লোজার নির্মাণকাজের উদ্বোধন এবং নোয়াখালী পৌরসভার নতুন ভবন, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।