জেলারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
কারারক্ষীকে গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগে গতকাল মঙ্গলবার নাটোর কারাগারের জেলার ও প্রধান কারারক্ষীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নাটোরের মুখ্য বিচারিক হাকিম মামলাটি গ্রহণ করে সদর থানাকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই দুপুরে নাটোর কারাগারে কর্তব্যরত কারারক্ষী শাহীন আলমকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাহত করেন তাঁর সহকর্মী সেলিম রেজা। গুরুতর জখম অবস্থায় তিনি কারা ফটকে আশ্রয় চাইলে জেলার শওকত হোসেন, প্রধান কারারক্ষী নজরুল ইসলাম, কারারক্ষী (সিআইডি) ফজিরুল ইসলাম ও মহিলা কারারক্ষী তাঁকে বিনা চিকিৎসায় হত্যার চেষ্টা করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। মামলাটি দায়ের করেন আহত কারারক্ষী শাহীন আলমের বাবা আইয়ুব আলী।