জেলায় জেলায় বিদ্যুতের জন্য ভুগছে মানুষ

গ্রীষ্মের তীব্র দাবদাহ শেষ হয়েছে আগেই। বিদায় নিয়েছে বর্ষাও। কিন্তু শরতের মাঝামাঝি এসেও দেশের বিভিন্ন স্থানে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। কোথাও কোথাও দিনের ১০ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না।
লোডশেডিংয়ের স্বাভাবিক প্রতিক্রিয়া জনভোগান্তি। রান্নায় সমস্যা, লেখাপড়ায় কষ্ট, গরমে রাত কাটে নির্ঘুম। হাসপাতালে সেবা দিতে-নিতে কষ্ট, অপারেশনে তৈরি হয় ঝুঁকি। কারখানায় উৎপাদন ব্যাহত হয়। উৎপাদন ঠিক রাখতে জেনারেটর ব্যবহার করলে খরচ বাড়ে। তার প্রভাব গিয়ে পড়ে ভোক্তার ওপর। আর তৈরি হয় ফসলি জমিতে সেচের সমস্যা।
লোডশেডিংয়ের কারণ হিসেবে উঠে এসেছে একাধিক বিষয়। জেলায় চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকা। সরবরাহ লাইন খারাপ থাকায় বৃষ্টি-বাতাস হলে লাইন বন্ধ করে দেওয়া। গ্রিডের কারিগরি ত্রুটি বা লাইন পুড়ে যাওয়া।
দেশের অন্তত নয়টি জেলার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে এ চিত্র উঠে এসেছে।
রাজশাহীতে যখন-তখন বিদ্যুৎ ভোগাচ্ছে মানুষকে। স্থানীয় কর্তৃপক্ষের অজুহাত, বৃষ্টি হলে লাইনে সমস্যা দেখা দেয়। গরম বেশি থাকলে চাহিদা বেড়ে যায়। তাই লোডশেডিং করতে হয়।
নতুন করে গ্যাসের সংযোগ বন্ধ থাকায় রাজশাহী নগরে অনেকে রান্নায় বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। নগরের ঘোড়ামারা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মজীবী নারী বলেন, সকালে উঠে নাশতা তৈরির উদ্যোগ দিতেই বিদ্যুৎ চলে যায়। তাই প্রায় দিন নির্ধারিত সময়ে অফিসে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়। আবার বাসায় ফিরে রাতে একই ঘটনা।
গত সোমবার রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হযরত আলী জানালেন, রাজশাহীতে বিদ্যুতের চাহিদা ৯৫০ মেগাওয়াট। সরবরাহ থাকে ৭০০ থেকে ৭৫০ মেগাওয়াট।
নওগাঁর সব উপজেলাতেই কম-বেশি লোডশেডিং হচ্ছে। মান্দা, বদলগাছী, মহাদেবপুর, পোরশায় লোডশেডিং বেশি। বদলগাছী উপজেলার কাদাবাড়ী গ্রামের সানজামুল ইসলাম বলেন, তাঁর মেয়ে নভেম্বরে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। কিন্তু যে লোডশেডিং চলছে, তাতে মেয়ের প্রস্তুতি নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় রয়েছেন। প্রতিদিন সাত-আট ঘণ্টা লোডশেডিং হচ্ছে; বিশেষত সন্ধ্যার পর পড়ার সময় লোডশেডিং বেশি কষ্ট দিচ্ছে।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, জেলায় দুই হাজারেরও বেশি চালকল রয়েছে। লোডশেডিংয়ের কারণে জেনারেটর দিয়ে উৎপাদন করতে গিয়ে চালের দাম বেড়ে যাচ্ছে।
নওগাঁ পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়-১-এর মহাব্যবস্থাপক এনামুল প্রামাণিক বলেন, চাহিদার (১১০ মেগাওয়াট) অর্ধেক বিদ্যুৎও সরবরাহ পাওয়া যায় না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) বারবার জানিয়েও সমাধান হচ্ছে না।
নওগাঁ পিডিবির নির্বাহী প্রকৌশলী শংকর কুমার দেব দাবি করেন, নওগাঁয় এখন কোনো লোডশেডিং নেই। গ্রিডের কারিগরি ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝেমধ্যে বিদ্যুৎ বিভ্রাট হয়। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ঘাটতির যে কথা বলছে, সেটা সঠিক নয়। তাদের অভ্যন্তরীণ বিতরণ ও সরবরাহব্যবস্থার ত্রুটির কারণে লোডশেডিং হচ্ছে। এ সমস্যা তাদেরই দূর করতে হবে।
বগুড়া শহরে সন্ধ্যা নামলেই আবাসিক এলাকায় এক ঘণ্টা বা এর বেশি লোডশেডিং করা হয়। আকাশে মেঘ জমলে বা একটু বৃষ্টি নামলেই বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। এরই মধ্যে শহরের সেউজগাড়ী ঈদগাহ মাঠ লেন ও পানির ট্যাংক লেন এলাকা রোববার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ছিল বিদ্যুৎবিহীন।
তবে পিডিবি বগুড়ার বিতরণ ও বিক্রয় এলাকা-১-এর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল দাবি করেন, বগুড়ায় এ মুহূর্তে চাহিদার চেয়েও বেশি বিদ্যুৎ সরবরাহ মিলছে। ফলে লোডশেডিং নেই। কিন্তু বৃষ্টিতে সঞ্চালন লাইন বিকল হওয়ায় এবং লাইন পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ কিছুটা বিঘ্নিত হচ্ছে।
নীলফামারী শহরের বড়বাজার নসুরটারী মহল্লার তৈয়ব আলী সরকার (৫০) বলেন, দিনে-রাতে ছয়-সাতবার বিদ্যুৎ যাওয়া-আসা করে। এর সঙ্গে লো-ভোল্টেজের কারণে অনেক সময় অ্যানার্জি সেভিং বাতি জ্বলে না; বৈদ্যুতিক পাখা ঘোরে না। সন্তানদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে।
পিডিবি জানায়, জেলায় দরকার ২২ থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু নীলফামারী-সৈয়দপুর সঞ্চালন লাইন অতি পুরোনো হওয়ায় সর্বোচ্চ ১৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।
সম্প্রতি সন্ধ্যার পর নীলফামারী আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, লোডশেডিংয়ের সময় রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ওই সময় ব্যবহার করা হচ্ছিল টর্চলাইট ও চার্জার বাতি। সিভিল সার্জন আব্দুর রশীদ বলেন, ‘আমরা বাধ্য হয়ে আইপিএসের ব্যবস্থা করেছি। জরুরি অপারেশনের সময় জেনারেটরের ব্যবস্থা করেছি।’
নীলফামারী বিদ্যুৎ উন্নয়ন বিভাগের সহকারী প্রকৌশলী মো. নওসাদ আলম বলেন, একটি প্রকল্পের মাধ্যমে নীলফামারী-সৈয়দপুর সঞ্চালন লাইনটি নতুনভাবে করা হচ্ছে। হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না।
জামালপুরে তিন মাস ধরে দিনে কমবেশি ১২ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা। পল্লী বিদ্যুতের কয়েকজন গ্রাহক জানান, তাঁরা বিদ্যুচ্চালিত পাম্প চালাতে না পেরে আমনখেতে ভালোভাবে সেচ দিতে পারেননি।
পল্লী বিদ্যুৎ সমিতি জামালপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বিদ্যুতের চাহিদা ৪৭ মেগাওয়াট। গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পাওয়া গেছে সর্বোচ্চ ২০ মেগাওয়াট। দুই সপ্তাহ ধরে সর্বোচ্চ ২৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে আগের চেয়ে লোডশেডিং কিছুটা কমেছে।
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে কোরবানির ঈদের পর বিদ্যুতের লোডশেডিং কিছুটা কমলেও ইউনিয়ন পর্যায়ে পরিস্থিতি আগের মতোই রয়েছে। ইউনিয়নগুলোতে দু-তিন ঘণ্টা পরপর বিদ্যুৎ দেওয়া হয়। ব্যাপক লোডশেডিংয়ের কারণে ঈদের আগে গ্রাহকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের জামান হিমাগারের মালিক কামরুজ্জামান বলেন, লোডশেডিংয়ে পণ্য মাঝেমধ্যে পচে যাওয়ার উপক্রম হয়। পল্লী বিদ্যুৎ সমিতি গাংনী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যায় না। কারণ ঝড়-বৃষ্টি থাকে; বাতাস থাকে। এতে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।’
খাগড়াছড়ির গ্রাহকেরা বলেছেন, নয়টি উপজেলায় আকাশে বিদ্যুৎ চমকালে বা সামান্য বাতাস হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। জেলা শহরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০-১১ ঘণ্টা বিদ্যুৎ থাকে। উপজেলাগুলোতে আরও কম ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকলেও সঙ্গে রয়েছে লো-ভোল্টেজ।
খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী আলাউদ্দিন সোহাগ বলেন, খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়ায় পাওয়ার গ্রিড কোম্পানির সঞ্চালন লাইনের কাজ চলছে। এটি স্থাপিত হলে বিদ্যুতের লো-ভোল্টেজের সমাধান হবে।
কক্সবাজারের টেকনাফে ১ সেপ্টেম্বর থেকে দিনে ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে বলে দাবি করেছেন একাধিক গ্রাহক। পৌরসভার ইসলামাবাদ এলাকার রিয়াজ উদ্দিন বলেন, এখন লোকজনকে জেনারেটরের ওপরই ভরসা করতে হচ্ছে। এতে খরচ বাড়ছে, কিন্তু বিদ্যুতের বিল কিছুতেই কমছে না।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় চাহিদা সাড়ে ১১ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু লেদা ও টেকনাফ বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ৫ মেগাওয়াট।