এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জেলার শীর্ষস্থান লাভ করেছে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে মোট ২৪০ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন। আরও উত্তীর্ণ হয়েছে ১৩৬ জন ও অকৃতকার্য হয়েছে ৫ জন।
জেলার শীর্ষস্থানীয় আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। এ ছাড়া আরও ১৫০ জন উত্তীর্ণ ও অকৃতকার্য হয় তিনজন।
আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন ও কলেজ থেকে ১৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। এখানে অকৃতকার্য হয় চারজন।
গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১৫ জন। এখানে জিপিএ-৫ পেয়েছে ১১ জন ও অকৃতকার্য হয়েছে দুজন।
ফলাফল প্রসঙ্গে জানতে চাইলে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু প্রথম আলোকে বলেন, নিয়মিত পাঠদানে শিক্ষকদের ওপর কঠোর নজরদারি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা ও শিক্ষার্থীদের ওপর নজর রাখতে অভিভাবকদের সচেতন করায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।