জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত বিদ্যুৎ-বিভ্রাটের কারণে প্রয়োজনমতো বরফ উৎপাদন না হওয়ায় দক্ষিণাঞ্চলের জেলে ও মাছ ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। চলতি ইলিশের ভরা মৌসুমে দক্ষিণাঞ্চলের বৃহৎ দুটি মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর মহীপুরের প্রায় ৮০টি বরফকলে চাহিদার তুলনায় খুব কম উৎপাদন হচ্ছে।জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে ঠিকমতো বরফ জমাট না হওয়ায় অল্প সময়ের মধ্যে সেগুলো গলে মাছের গুণগত মান নষ্ট করে দিচ্ছে। বরফের সংকটের কারণে ৬০ টাকার ক্যানের দাম এখন ৮০০-১০০০ টাকায় ঠেকেছে। তার পরও বরফ পাওয়া যাচ্ছে না।পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন, ‘মোরা জাইল্লাগো (জেলেদের) কাছ দিয়া যহন মাছ কিনি, তহন কিনি এক নম্বর (চকচকে তাজা) আর হেই মাছ যহন বেচি হেইয়্যা অইয়্যা যায় দুই নম্বর (সংরক্ষণের অভাবে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়)। এক নম্বর মাছ কিনি ১২-১৮ হাজার টাকায় আর হেই মাছ বরফের অভাবে দুই নম্বর অওনে বেচি পাঁচ থেকে আট হাজার টাকায়।’পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশের ভরা মৌসুম চললেও এবার এখনো বঙ্গোপসাগর ও উপকূলের নদ-নদীতে আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। এজন্য জেলে ও আড়তদারেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে কেন্দ্রে প্রতিদিন গড়ে ৬০০-১০০০ মণ ইলিশ আসে। এই ইলিশ সংরক্ষণের জন্য যে পরিমাণ বরফ প্রয়োজন, তার সিকি ভাগও বরফ মিলগুলো উৎপাদন করতে পারছে না।স্থানীয় হাওলাদার আইস ফ্যাক্টরির মালিক বাদশা হাওলাদার বলেন, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন কমপক্ষে ২০-২৫ হাজার ক্যান বরফ প্রয়োজন। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মোট চাহিদার পাঁচ ভাগও তাঁরা পূরণ করতে পারছেন না। তিনি জানান, বরফ উৎপাদনের জন্য একটানা ১২ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন। সেখানে ১৫-২০ মিনিট পর পর লোডশেডিং হচ্ছে, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না।মাছ ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ-বিভ্রাটের কারণে বিএফডিসি অবতরণ কেন্দ্রে একমাত্র সরকারি বরফ মিলটি গত এক সপ্তাহে এক ক্যান বরফও উৎপাদন করতে পারেনি। বেসরকারি মিলগুলোতে যে সামান্য বরফ উৎপাদন হয়, তার মূল্য ৮-১০ গুণ বৃদ্ধি পেয়েছে। তাও আবার ভাঙাচোরা ও গুঁড়া। ফলে এই বরফ দিয়ে বেশি সময় মাছ সংরক্ষণ করা যায় না।পাথরঘাটা মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক সগীর আলম বলেন, ‘এমনিতেই এবার সাগরে মাছ কম। তার ওপরে বিদ্যুৎসংকট আমাদের ব্যবসা-বাণিজ্য শেষ করে দিচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছে বার বার অনুরোধ করেও কোনো কাজ হয়নি। জেলেরা বরফ না পাওয়ায় দিনের পর দিন ঘাটে নোঙর করে বসে থাকে।’পটুয়াখালীর মহীপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি ফজলুল হক গাজী বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে না পারলে আমাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।’বিদ্যুৎ বিভাগের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবু ইউসুফ বলেন, বরফ উৎপাদনের জন্য যে পরিমাণ বিদ্যুতের দরকার, তা এই মুহূর্তে সরবরাহ করা সম্ভব নয়। সে ক্ষেত্রে এই পরিস্থিতির মধ্যেই কাজ চালাতে হবে।