বরগুনার তালতলী উপজেলার দুটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা জাটকা নিধন নিষিদ্ধকালীন (১ নভেম্বর থেকে ৩১ মে) সরকারি খাদ্য-সহায়তার সুবিধাভোগী ব্যক্তির তালিকায় ইচ্ছামতো নাম অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অনেক প্রকৃত জেলে সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।জেলেরা অভিযোগ করেন, সুবিধাভোগী প্রত্যেক জেলেকে মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তাঁদের দেওয়া হচ্ছে ২০ থেকে ২২ কেজি করে।ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সোনাকাটা ইউনিয়নে ৪০৮ জন ও নিশানবাড়িয়া ইউনিয়নে ৪৩৫ জন জেলেকে খাদ্যসহায়তা দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়। নিশানবাড়িয়া ইউনিয়নের কয়েকজন জেলে অভিযোগ করেন, ১৮ এপ্রিল এই ইউনিয়নে গত মার্চ মাসের চাল বিতরণ করা হয়। সেখানে ৩০ কেজির পরিবর্তে তাঁদের দেওয়া হয়েছে ২২ কেজি করে। তাঁদের অভিযোগ, তালিকাভুক্ত জেলেদের মধ্যে অনেকেই জেলে নন। তাঁদের মধ্যে সোবহানপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, আবদুল হক বেপারী, আয়েন উদ্দিন, আগাপাড়ার দুলাল মিয়া ও মনির হোসেন জেলে না হয়েও সহায়তার চাল পেয়েছেন বলে দাবি ওই জেলেদের।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দেলোয়ার হোসেন একজন গাছ ব্যবসায়ী। আবদুল হক আগে জেলে ছিলেন, বর্তমানে অন্য পেশায় নিয়োজিত। আর আয়েন উদ্দিন, মনির হোসেন ও দুলাল মিয়া জেলে নন। জেলে না হয়েও কীভাবে তালিকাভুক্ত হলেন, এমন প্রশ্নের উত্তরে দেলোয়ার বলেন, ‘আমার জাল-নৌকা আছে।’নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া গ্রামের কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই এলাকায় ( ২ নম্বর ওয়ার্ড) সব মিলিয়ে জেলে আছেন ৯০ জন, কিন্তু সহায়তার পাচ্ছেন ৬৭ জন। তাঁদের মধ্যে ৩০ জনই জেলে নন। ২ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান নিজের আত্মীয় ও সমর্থকদের জেলে দেখিয়ে নাম তালিকাভুক্ত করেছেন। এর মধ্যে খলিলুর রহমানের চাচাতো ভাই পোলিট্র-খামারের মালিক নূরুল ইসলাম ও খালাতো ভাই কৃষক আবদুর রশিদের নাম তালিকায় আছে।খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার এলাকায় যাঁরা সহায়তা পান, তাঁরা সবাই প্রকৃত জেলে। নূরুল ইসলাম আমার আপন নয়, দূর সম্পর্কের চাচাতো ভাই। পোলিট্র-খামারের ব্যবসা থাকলেও তাঁর জাল-নৌকা আছে। আর আবদু রশিদও একজন প্রকৃত জেলে।’একই অভিযোগ সোনাকাটা ইউনিয়নের জেলেদেরও। এ ইউনিয়নের ছোট আমখোলা ( ৫ নম্বর ওয়ার্ড) এলাকার জেলেরা জানান, তাঁদের এলাকায় জেলে আছেন দুই শতাধিক। এর মধ্যে সহায়তা পান ৫৯ জন। তাঁদের মধ্যে ২৫ থেকে ২৬ জন জেলে নন। তাঁরা চাল পাচ্ছেন ২০ থেকে ২২ কেজি করে। সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর এলাকার জেলে আবদুস সোবাহানের প্রশ্ন, ‘মুই মাছ ধইর্যা সংসার চালাই, কিন্তু মোরে চাউল দেয় না। অথচ একই এলাকার কবির ভান্ডারি নামের একজন জেলে না অইয়্যাও চাউল পায়।’ কবির ভান্ডারি বলেন, ‘আমি আগে মাছ ধরতাম, এহন ইট ভাঙার কাম করি।’ সোনাকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রব ফরাজী বলেন, ‘কিছু লোক অসহায় বলে আমরা তালিকায় তাঁদের নাম দিয়েছি।’ ওজনে কম দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তালতলী উপজেলা থেকে চাল আনতে আমাদের বস্তাপ্রতি ৬০ টাকা ব্যয় হয়। এ ছাড়া বস্তায় মাপে ঘাটতি থাকে। তাই আমরা ২৫ কেজি করে দিই।’ সোনাকাটা ইউপি চেয়ারম্যান ইউনুস ফরাজীর সঙ্গে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। নিশানবাড়িয়ার ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী চাল কম দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘জেলে-তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে, এ চাল তাঁদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে তালিকাভুক্ত জেলেরা চাল কম পেয়েছেন। তবে জেলে নন, এমন ব্যক্তিরা তালিকাভুক্ত হয়েছে বলে আমি অভিযোগ পেয়েছি।’ তালতলী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম বলেন, ‘সুবিধাভোগী জেলেদের তালিকা তৈরি করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। সেখানে তালিকায় প্রকৃত অনেক জেলে বাদ পড়েছেন—এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। কিন্তু এ মুহূর্তে আমাদের কিছুই করার নেই। চাল ওজনে কম দেওয়ার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’