জেলে থাকা চরমপন্থী নেতাদের ছাড়াতে চাঁদাবাজি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের শীর্ষস্থানীয় নেতা আমিনুল ইসলাম ওরফে মুকুল ও সেকেন্ড ইন কমান্ড শাহিন বর্তমানে ভারতের বনগাঁ কারাগারে আটক রয়েছেন। তাঁদের জামিনে বের করতে প্রচুর টাকার প্রয়োজন—এ কথা বলে কয়েকজন রাজনৈতিক নেতা কুষ্টিয়ার অনেক ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তির কাছে চাঁদা দাবি করছেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া সদর থানা চত্বরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠানে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিএ হালিম এ কথা জানান।পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২১ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা এলাকা থেকে মুকুলকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ। অনুপ্রবেশকারী হিসেবে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ ছাড়া স্থানীয় একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর কয়েক মাস পরে শাহিনকে আটক করে সে দেশের পুলিশ। ভারতের এক নারীকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। সূত্রে জানা গেছে, বাংলাদেশের দুই চরমপন্থী নেতা ভারতের আইনজীবীর মাধ্যমে হত্যাসহ অন্য মামলাগুলোতে জামিন নিয়েছেন। তবে অনুপ্রবেশকারী হওয়ায় তাঁরা জেলে আটক রয়েছেন। ওপেন হাউস ডে অনুষ্ঠানে জানানো হয়, মুকুল ও শাহিনের বিরুদ্ধে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। রয়েছে বেশ কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি)। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিএ হালিম প্রথম আলোকে বলেন, কয়েক দিনের মধ্যে ভারতের বনগাঁ আদালতে মুকুল ও শাহিনের অনুপ্রবেশের মামলার শুনানি হবে। শুনানি শেষে তাঁদের এক থেকে সাত দিনের জেল হতে পারে। এরপরই ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিডিআরের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।