জেলে থেকেও নির্বাচিত হওয়া যায়: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ জামিন না নিয়ে পালিয়ে থেকে নির্বাচন করলে সেখানে পুলিশি তৎপরতার বিষয়ে কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, যোগ্য প্রার্থী হলে জেলে থেকে নির্বাচিত হওয়া যায়, সেই নজির এ দেশে আছে।
গতকাল বুধবার নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সিইসি এ কথা বলেন।
বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর নেতৃত্বে দলের সাত সদস্যের প্রতিনিধি সিইসির সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।
সিইসির বক্তব্যে আপনারা সন্তুষ্ট কি না, জানতে চাইলে প্রতিনিধিদলের সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেন, ‘আমরা সন্তুষ্ট কি অসন্তুষ্ট, সেটা নির্ভর করছে ইসির কাজের ওপর।’
জমির উদ্দিন সরকার সাংবাদিকের আরও বলেন, দলীয় অফিসে তালা দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী। প্রায় দুই হাজার মামলায় অজ্ঞাতনামাদের ধরার নামে যেন বিএনপির নেতা-কর্মীদের ধরা না হয়। যে লোক জামিনে আছেন, তাঁকে যেন ধরা না হয়। আদালতের মাধ্যমে অভিযোগ গঠনের আগ পর্যন্ত কাউকে আটক করা যায় না।
এর আগে সাংবাদিকদের আ স ম হান্নান শাহ বলেন, ‘প্রার্থীরা যদি ভোটারের কাছে যেতে না পারে, ভোটার যদি ভোটকেন্দ্রে আসতে না পারে, তবে ভোট করে লাভ কী? সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সবার জন্য সমান সুযোগ তৈরি করা দরকার। বিএনপি-সমর্থিত প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। সিইসি বলেছেন, ইসির আইনশৃঙ্খলা বৈঠকে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বলেছি, গাজীপুরে যেমন নির্বাচন হয়েছে, সে রকম নির্বাচন হলেই হবে। সিইসি আমাদের আশ্বাস দিয়েছেন।’
হান্নান শাহ আরও বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করেছি। বিএনপির নয়াপল্টন ও ম্যাডামের (বিএনপির চেয়ারপারসন) অফিসের তালা খুলে দেওয়ার জন্য ইসি যেন সরকারকে অনুরোধ করে। ভোট গ্রহণ কর্মকর্তাদের নামের তালিকা আগেই প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে। এতে বিতর্কিত কেউ নিয়োগ পেলে তাঁদের ব্যাপারে আপত্তি জানানো যায়।’
হান্নান শাহ দাবি করেন, ঢাকা উত্তরে করণিক ত্রুটির কারণে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাঁরা বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য সিইসিকে অনুরোধ করেছেন।
বিএনপির প্রতিনিধিদলের বক্তব্য প্রসঙ্গে সিইসি কাজী রকিবউদ্দীন বলেন, বিএনপির নেতারা বলেছেন, তাঁদের প্রার্থীরা জামিন নেবেন। তাঁদের যাতে গ্রেপ্তার না করা হয়। জামিনে থাকলে এক হিসাব, জামিনে না থাকলে অন্য হিসাব।
আবদুল আউয়ালের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে সিইসি বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের বিষয়টি আদালতের। এ বিষয়ে আমার বলার এখতিয়ার নেই। আমি বলেছি, আইনের মধ্যে থেকে নির্বাচন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ১৯ এপ্রিলের সভায় সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের কারও বিরুদ্ধে কেউ আপত্তি জানালে সে বিষয়ে কমিশন ব্যবস্থা নেবে।
বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, আবদুল হালিম, সৈয়দ সুজা উদ্দিন ও ইসির সাবেক সচিব আবদুর রশীদ সরকার।