জেলে যাওয়া আর ছাড়া পাওয়া নিয়তি যেন!
মেহেরপুরের গাংনী পৌর শহরের হাফিজুর রহমান ওরফে হাফিকে (৫০) মাদকদ্রব্য আইনের একটি মামলায় আজ শনিবার দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এই অভিজ্ঞতা হাফিজুরের জন্য নতুন কিছু নয়। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা আছে ১১টি। পাঁচ মাস আগেও তাঁকে মাদকদ্রব্য আইনে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু তিন মাস পর জামিনে ছাড়া পেয়ে আবারও মাদকের কারবারে জড়িয়েছেন তিনি। জেলে যাওয়া, ছাড়া পাওয়া, আবার জেলে যাওয়াটাই তাঁর নিয়তি যেন!
গাংনী পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাফিজুর গাংনী পৌরসভার ডিগ্রি কলেজপাড়া এলাকার বাসিন্দা। আজ সকাল নয়টার দিকে সাইকেলের হাতলের ভেতরে গাঁজা নিয়ে এলাকায় বিক্রি করছিলেন তিনি। এ সময় পুলিশের একটি দল শহরের কাথুলি মোড় এলাকা থেকে তাঁকে আটক করে। একই সঙ্গে গাঁজা কেনার অভিযোগে রফিকুল ইসলাম (২২) নামে আরও একজনকে আটক করে। রফিকুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার বারুড়িয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা।
পরে সকাল সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবুল আমিন উপজেলার থানাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসান। সেখানে পুলিশ হাফিজুর ও রফিকুলকে হাজির করলে আদালত মাদক বিক্রির দায়ে হাফিজুরকে দুই বছর ও রফিকুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী হাকিম আবুল আমিন মোবাইলে প্রথম আলোকে বলেন, হাফিজুর রহমানকে পাঁচ মাস আগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিন মাস কারাভোগ শেষে জামিনে বের হয়ে আসেন।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন বলেন, হাফিজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গাংনী থানায় ১১টি মামলা আছে। মামলাগুলো জেলা আদালতে বিচারাধীন।