জেলে যাওয়ার আগেই ঘুষের লেনদেন হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে বিএনপির সব ধরনের অভিযোগ ও বক্তব্যকে অমূলক বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির আইন উপদেষ্টা আনিসুল হক।গতকাল মঙ্গলবার বিকেল দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, বিএনপির পক্ষ থেকে কোকোর পাচার করা অর্থ ফেরত আসেনি বলে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অমূলক। কারণ বাংলাদেশ নয়, আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (মার্কিন গোয়েন্দা সংস্থা-এফবিআই) তদন্তে খোদ সিমেন্স প্রতিষ্ঠানটিই স্বীকার করেছে, তারা কোকো ও সাবেক নৌপরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইকবাল হোসেন সায়মনকে ঘুষ দিয়েছে। দুদকের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘এ নিয়ে এফবিআইর তদন্তে মানি লন্ডারিংয়ের বিষয়টি প্রমাণিত হয়। সেই ধারাবাহিকতায় ও তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুদকও এ বিষয়ে অনুসন্ধান করে।’ আনিসুল হক আরও বলেন, ‘কোকোর ঘুষ কেলেঙ্কারির মূল তদন্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি। তারাই সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে কোকোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে।’ তিনি জানান, ‘যে সময়ে কোকোর অ্যাকাউন্টে টাকা এসেছে, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। ২০০৭ সালের শেষের দিকে কোকো গ্রেপ্তার হয়েছে। সে জেলে যাবার আগেই তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে।’ টাকা বাংলাদেশে কীভাবে ফেরত এসেছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বাংলাদেশ ব্যাংক ভালো বলতে পারবে।’আনিসুল হক বলেন, কোকোর হিসাবে ২০০৫ সালের ৯ ডিসেম্বর থেকে ২০০৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত পাঁচ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ জমা হয়। এ ছাড়া ২০০৬ সালের ১৭ জানুয়ারি এক লাখ ৪৯ হাজার ৯৬৮ মার্কিন ডলার এবং একই বছরের ১৯ জানুয়ারি আরও এক লাখ নয় হাজার ১৬৮ মার্কিন ডলার জমা হয়। এ টাকাগুলোই সিমেন্স দিয়েছে বলে আদালতে সাক্ষ্য দেন সিমেন্সের বাংলাদেশি এজেন্ট জুলফিকার আলী। ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার দেশে আসা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘চায়না হারবারের একটি হিসাব থেকে চট্টগ্রাম বন্দরের একটি কাজ পাইয়ে দেওয়ার জন্য ২০০৫ সালের ৬ মে থেকে ৩১ মে পর্যন্ত সময়ে কোকোর অ্যাকাউন্টে টাকা এসেছে।’সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হাবিবুর রহমান নামে হবিগঞ্জের এক লোক দুবাইয়ের জনতা ব্যাংক শাখা থেকে নয় লাখ মার্কিন ডলার কোকোর সিঙ্গাপুরের ব্যাংক হিসাবে পাঠিয়েছেন। ওই অর্থও বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।