জেলে হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কোস্টগার্ডের গুলিতে জেলে নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ মৎস্যজীবী জেলে সমিতি বরিশাল জেলা শাখা। একই সঙ্গে তারা ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই জেলের মুক্তিও দাবি করেছে। গতকাল রোববার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এই দাবি করে মৎস্যজীবী জেলে সমিতি। গত ৬ জুন কীর্তনখোলা নদীতে কোস্টগার্ডের গুলিতে নিহত জুয়েল ফরাজী (১৮) হত্যার বিচার দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, কোস্টগার্ড নিয়োগ দেওয়া হয়েছে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা বিধানের পরিবর্তে দিনদুপুরে বিনা অপরাধে জেলেদের গুলি করে হত্যা করছে। জুয়েল ফরাজী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে আহতাবস্থায় গ্রেপ্তার হওয়া অপর দুই জেলেকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ মৎস্যজীবী সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. হারুন-আর-রশিদ, সৈয়দ বাবুল, মো. সরোয়ার হোসেন খান, দেলোয়ার হোসেন পান্না, কবির হোসেন প্রমুখ।