জেলেকে নির্মম নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার আলোচিত সেই খয়রা বিলে মাছ ধরার অভিযোগে রুবেল হক নামের এক জেলেকে আটকে রেখে নির্মম নির্যাতন চালিয়ে পুলিশে সোপর্দ করেছে বিল দখলকারীরা। রুবেল শ্রীপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার ভোরে রুবেল খয়রার বিলে মাছ ধরতে যান। তিনি দেশীয় জাল দিয়ে বেশ কিছু মাছ ধরেন। খবর পেয়ে বিল দখলকারীদের লোকজন তাঁকে খামারপাড়া এলাকা থেকে আটক করে। পরে তাঁকে বিল দখলকারী শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের পোলট্রি খামারে নিয়ে এসে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালানোর পর পুলিশে সোপর্দ করা হয়।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক পারভেজ বলেন, জেলে রুবেলকে আওয়ামী লীগ নেতার পোলট্রি খামার থেকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সন্ধ্যায় তাঁকে থানা হাজতে নেওয়া হয়।
রুবেলের বাবা আবদুল কাদের অভিযোগ করেন, তাঁর ছেলেকে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। সুচিকিৎসা না দিয়ে পুলিশ তাঁকে থানা হাজতে রেখেছে। তিনি দাবি করেন, বিলে তাঁরাও মাছ ছেড়েছেন। জীবিকার তাগিদে তাঁর ছেলে মাছ ধরেছে, চুরি করেনি।
প্রসঙ্গত, গত মার্চে উপজেলার খয়রা বিলে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতা-কর্মী মিলে মাছ ছাড়েন। এর পর থেকে বিলটিতে তাঁরা সাধারণ জেলেদের আর নামতে দিচ্ছেন না। এতে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে প্রশাসন বিলে ১৪৪ ধারা জারি করে। এর পরও বিলের নিয়ন্ত্রণ নিতে উভয় পক্ষে একাধিকবার সংঘর্ষও হয়েছে।