উপকূলের জেলেদের অধিকার সুরক্ষায় মৎস্য আইন সংশোধন করতে হবে। মৎস্য আইনে জেলেদের ‘মৎস্যজীবী’ হিসেবে চিহ্নিত করায় প্রকৃত জেলেরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ জন্য আইনে তাঁদের ‘জেলে’ হিসেবে চিহ্নিত করে এ সমস্যার সমাধান করতে হবে। গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে উপকূলের জেলেদের নিয়ে কর্মরত বেসরকারি প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত ‘মৎস্য আইন সংশোধনে খসড়া প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যসহ উপকূলের নয়জন সাংসদ জেলেদের অধিকার সুরক্ষায় আইন সংশোধনের প্রস্তাবের পক্ষে মত দেন। সভায় সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ও আইন, ১৯৮৩; মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর কিছু ধারা সংশোধনের সুপারিশ করা হয়। এতে বলা হয়, আইন, অধ্যাদেশ কিংবা বিধিতে ‘জেলে’র জায়গায় ‘মৎস্যজীবী’ বলা হয়েছে। বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা জেলেদের অধিকার সুরক্ষায় প্রধান বাধা। উপকূলের বিভিন্ন এলাকা থেকে আসা জেলেরা বলেন, মৎস্য ব্যবসায়ী, ঘের মালিকসহ এই পেশায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘মৎস্যজীবী’ পরিচয় দিয়ে জেলেদের জন্য দেওয়া বরাদ্দ নিয়ে যান। এতে জেলেরা অধিকার থেকে বঞ্চিত হন। আইনে ‘মৎস্যজীবী’র বদলে ‘জেলে’ উল্লেখ করে এবং প্রকৃত জেলেদের পরিচয়পত্র দিয়ে এ সমস্যার সমাধান করা যেতে পারে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মকবুল হোসেন বলেন, আইন সংশোধন করে জেলেদের জন্য যেসব সুবিধা নিশ্চিত করা যায়, তা করতে হবে। সংসদীয় কমিটির আরেক সদস্য শওকত আলী বাদশা বলেন, জেলেদের জন্য দেওয়া সুবিধা অন্যরা নিয়ে যাবে, এটা হতে পারে না। সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, উপকূলের জেলেরা তাঁদের পরিচয়পত্র চান রাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখার জন্য। তাঁদের ঋণ দেওয়া হলে অন্তত খেলাপি হবেন না। কোডেকের উপনির্বাহী পরিচালক কমল সেনগুপ্তের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংসদ ননী গোপাল মণ্ডল, গোলাম সবুর, নূর আফরোজ আলী, হাবিবুন নাহার, নারায়ণ চন্দ্র চন্দ, সোহরাব আলী সানা, উপকূলের জেলে প্রতিনিধিদের মধ্যে মোস্তফা বেপারী, নওশের সরদার, শহিদুল ইসলাম, বাবুল জলদাস প্রমুখ।