জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও হত্যা করেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলদস্যুরা কবির বাহিনীর প্রধান কবির
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের তীরবর্তী চট্টগ্রাম, কক্সবাজারের বাঁশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া থেকে জলদস্যু বাহিনীর প্রধান নুরুল কবিরকে ১৩ সহযোগীসহ গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। জলদস্যুদের চকরিয়া থানার ডান্ডিবাজার এলাকায় কবিরের আস্তানা থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি ওয়ান শুটারগান, চারটি কার্তুজসহ দেশি–বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব বলছে, গ্রেপ্তার জলদস্যুরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও হত্যা করে থাকেন।

গ্রেপ্তার বাকি জলদস্যুরা হলেন নুরুল আফসার, নূরুল কাদের, হাসান, মো. মামুন, আবদুল হামিদ, আবু বক্কর, মো. ইউসুফ, গিয়াস উদ্দিন, সফিউল আলম, আবদুল খালেক, রুবেল উদ্দিন, সাইফুল ইসলাম,  মো. সুলতান ও  মনজুর আলম।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

র‌্যাব-৭ অধিনায়ক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর জলদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনকে ডাকাত, জলদস্যু ও বনদস্যুমুক্ত ঘোষণা করেন। এ কারণে সুন্দরবন এলাকায় বসবাসকারী জেলেরা স্বস্তির সঙ্গে সমুদ্রে মৎস্য আহরণ করে আসছেন, যা দেশের অর্থনৈতিক খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। কিন্তু হঠাৎ সমুদ্রে ডাকাত ও জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় র‍্যাব তৎপরতা শুরু করে। কিছুদিন আগে পটুয়াখালীর পাথরঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাত জলদস্যুকে আটক করে র‍্যাব। তিনজন জলদস্যু র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হন। গ্রেপ্তার জলদস্যুদের কাছ থেকে পাওয়া তথ্যে র‍্যাব জানতে পারে তাঁরা এখন বঙ্গোপসাগরের তীরবর্তী চট্টগ্রাম ও কক্সবাজারের বাঁশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়ায় অবস্থান করে ডাকাতি করেন।

এম এ ইউসুফ বলেন, ১৪ জানুয়ারি ১৭ জেলেকে অপহরণের তথ্য পায় র‍্যাব। জলদস্যুরা মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দাবি করেন তাঁদের পরিবারের কাছে। প্রিয়জনকে ফিরে পেতে নিরীহ পরিবারগুলো দুই লাখ টাকা মুক্তিপণ দেয়। পরে র‍্যাব অভিযান শুরু করলে ১৬ জেলেকে ফেরত দেওয়া হয়। কিন্তু নোয়াখালীর আনোয়ার হোসেন নামের মাছ ধরার এক মাঝিকে নির্যাতনের পর পানিতে ফেলে দেয়। তাঁকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার জলদস্যুরা কবির বাহিনীর প্রধান কবিরের নির্দেশে মুক্তিপণ আদায় ও জেলেদের অপহরণ করার কথা স্বীকার করেন।

র‌্যাবের অভিযানে উদ্ধার করা অস্ত্র
ছবি: সংগৃহীত

নিখোঁজ আনোয়ারের স্ত্রী বিবি রাহিমা প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারের সঙ্গে থাকা জেলেরা নিশ্চিত করে কিছুই বলছেন না। তবে তাঁরা ধারণা করছেন, আনোয়ারকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। এখন আল্লাহই জানেন তাঁর ভাগ্যে কী ঘটেছে। আমি শুধু চাই, মানুষটা যেন ফিরে আসে।’

র‍্যাব-৭ অধিনায়ক এম এ ইউসুফ সাংবাদিকদের বলেন, জলদস্যুরা কবিরের নেতৃত্বে ১৪ জানুয়ারি ইউসুফের একটি নৌকা ভাড়া করেন। নৌকাটিতে পেকুয়ার মগনামা ঘাট থেকে সাতজন, কুতুবদিয়া থেকে আরও আটজন জলদস্যু ওঠেন। তাঁরা ১৫ জন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। কবির দলের প্রধান। তাঁদের নির্দেশে ডাকাতির সব পরিকল্পনা হয়। দলে তিনি সদস্য সংগ্রহ করেন। তাঁর সহযোগী মামুন অর্থনৈতিক বিষয়টি দেখভাল করেন। অপহরণের পর মুক্তিপণ বিকাশের মাধ্যমে গ্রহণ থেকে শুরু করে যাবতীয় টাকার হিসাব রাখেন মামুন। ইউসুফ ডাকাতিতে বোট সংগ্রহ ও ভাড়া করা কাজটি করে থাকেন। তিন ভাগে ভাগ হয়ে কবিরের নেতৃত্বে জলদস্যুরা ডাকাতি করেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতির একাধিক মামলা রয়েছে।

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার জলদস্যুরা
ছবি: সংগৃহীত

আসামিদের যেহেতু বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছে, কক্সবাজার থানায় মামলা করা হবে।

এক প্রশ্নের জবাবে র‍্যাব অধিনায়ক বলেন, জলদস্যুদের পেছনে বড় কারও হাত নেই। দলের প্রধানই সব। তাঁর নেতৃত্বে হয়ে থাকে। এরপর পেছনে কেউ আছে কি না, তদন্ত করা হবে।

ইতিপূর্বে আত্মসমর্পণ করা জলদস্যুদের কেউ নতুন করে ডাকাতিতে জড়িয়ে পড়েননি জানান র‍্যাব অধিনায়ক। তিনি বলেন, আত্মসমর্পণ করা জলদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। বাঁশখালীতে গত নভেম্বরে আত্মসমর্পণ করা ৩৪ জলদস্যু স্বাভাবিক জীবন যাপন করছেন।