জেলেদের ইজারা নেওয়া খাল প্রভাবশালীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় মৎস্যজীবীদের ইজারা নেওয়া খাল দখল করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ। শুধু তা-ই নয়, মৎস্যজীবীদের জাল ও মাছ ধরার উপকরণ দখলে নিয়েও প্রভাবশালীরা ওই খাল থেকে মাছ ধরছেন। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্যবিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ’ প্রকল্পের আওতায় বাগমারার ষষ্ঠিখালী খাল ১০ বছরের জন্য ইজারা দেওয়া হয়। দক্ষিণ বাগমারা মৎস্যজীবী সমবায় সমিতিকে গত ১৭ আগস্ট এই ইজারা দেওয়া হয়। এরপর মৎস্যজীবীরা খালে মাছ ধরার জন্য জালসহ অস্থায়ী স্থাপনা স্থাপন করেন। জেলেদের অভিযোগ, তাঁরা মাছ ধরার প্রস্তুতি নিলে স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ তাঁদের ভয়ভীতি দেখায়। স্থানীয় প্রভাবশালী আফাজ উদ্দিন তাঁর লোকজন নিয়ে খালে তাঁদের না আসার জন্য হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে তাঁরা থানায় অভিযোগও করেন। প্রভাবশালীরা গত ৩১ অক্টোবর খালে জেলেদের স্থাপন করা জাল দখলে নিয়ে মাছ ধরে আসছেন। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ হালদার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ‘যাঁরা খাল দখল করেছেন, তাঁরা প্রভাবশালী হওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের রামগুইয়া, বাঙ্গালপাড়া, খয়রা ও রসুলপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া এই খালটি দখলকারীদের একজন আফাজ উদ্দিন সরকার বলেন, খালটি এলাকার লোকজনের জন্য উম্মুক্ত রয়েছে। এলাকার গরিব জেলেরা সেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু নীতিমালা লঙ্ঘন করে গোপনে খালটি নামমাত্র টাকায় ইজারা দেওয়া হয়েছে। তাঁরা বিষয়টি জানার পর খালটি উম্মুক্ত রাখার দাবি জানিয়ে এবং ইজারার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছেন। তিনি দাবি করেন, তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ইজারা চার মাসের জন্য স্থগিত রাখতে বলেছেন। এ কারণে তাঁরা তথা এলাকার জেলেরা সেখানে মাছ ধরছেন। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাঁরা বৈধভাবে নীতিমালা অনুসরণ করে ইজারা দিয়েছেন। ইজারা স্থগিতের ব্যাপারে উচ্চ আদালতের কোনো কাগজপত্র তাঁরা পাননি। দক্ষিণ বাগমারা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শঙ্কর হালদার বলেন, ‘তাঁরা প্রভাবশালীদের ভয়ে খালে যেতে পারছেন না। প্রভাবশালীরা কেবল খাল নয়; তাঁদের কয়েক হাজার টাকার জাল এবং মাছ ধরার উপকরণও দখল করে নিয়েছেন। মাছ ধরার জন্য তাঁদের নির্মাণ করা ভাওড়ও (অস্থায়ীভাবে থাকার জায়গা) দখল করে নিয়েছেন প্রভাবশালীরা।’ বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, জেলেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এর সুরাহার জন্য থানায় উভয় পক্ষকে নিয়ে একাধিকবার বসা হয়েছিল, তবে সুরাহা হয়নি। থানায় মামলা করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।