জেলেদের চাল আত্মসাৎ!
জেলেদের জন্য দুই মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু জেলেরা পেয়েছেন ২৫ কেজি। বাকি চাল চেয়ারম্যানরা গুদাম থেকেই বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার জেলার মনপুরা সাকুচিয়া ইউনিয়নের কয়েক শ জেলে এমনই অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন। দুই মাস বেকার থাকা জেলেদের মধ্যে শুক্রবার চাল বিতরণ করা হয়। মাস্টারহাটে চাল বিতরণের সময় কোনো তদারক কর্মকর্তাও ছিলেন না।ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, জাটকাসহ সব মাছের রেণু-পোনা রক্ষার জন্য সরকার দুই মাস (মার্চ-এপ্রিল) মেঘনা-তেঁতুলিয়া নদীর ২০০ কিলোমিটার জলসীমানায় সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে। জেলেদের সংসার চালানোর জন্য পরিবারপ্রতি চার মাসে (ফেব্রুয়ারি-মে) ২০ কেজি করে ৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চার মাস পর গত শুক্রবার সাকুচিয়া ইউনিয়নের নির্ধারিত এক হাজার ৪৭৯ জন জেলের মধ্যে জনপ্রতি দুই মাসের (ফেব্রুয়ারি-মার্চ) ৪০ কেজি করে চাল বরাদ্দ হয়। বরাদ্দকৃত চালের পরিমাণ ৫৯ হাজার ১৬০ কেজি। কিন্তু জেলেপ্রতি ২৫ কেজি করে চাল দিয়ে বাকি ২২ হাজার ১৮৫ কেজি চাল গুদাম থেকেই বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাজির মাঝি, আরশাদ, ফারুক, আলী মোস্তফা, ৩ নম্বর ওয়ার্ডের ফারুক, রফিকুল ইসলাম, আবু জাহের, ১ নম্বর ওয়ার্ডের আবদুর রহিম, হাবিবুল্যাহ, মিলন মাঝিসহ কয়েক শ জেলে অভিযোগে জানান, তাঁদের ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে ইউপি সদস্যরা বলেন, চাল না নিলে ফেরত দিয়ে যা। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করছেন।সাকুচিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, কার্গো ভাড়া, ঘাটের খরচ, কুলি ভাড়া, ট্রাক ভাড়া মিলিয়ে অনেক খরচাপাতি আছে। ওই খরচ ওঠাতে জেলেদের এই চাল কম দেওয়া হচ্ছে। চাল বিতরণে তদারক কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা বাবু অনিল চন্দ্র দাস বলেন, ‘খরচ বাদ দিয়ে ৩২ কেজি চাল দেওয়ার কথা। কিন্তু ২৫ কেজি কেন দিচ্ছে সে বিষয়টি বলতে পারব না। কারণ আমি ভোলায় এসেছি।’