জেলেদের চাল কালোবাজারে
চাঁদপুরের হাইমচরে জেলেদের জন্য বরাদ্দ দেওয়া চাল কালোবাজারে বিক্রির সময় গত ৩০ এপ্রিল লোকজন কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। কিন্তু এঁদের মধ্যে উপজেলা চেয়ারম্যানের নির্দেশে পুলিশ একজনকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ওই দিন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ সমাবেশ করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল সকাল থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জেলেদের মধ্যে উপজেলা পরিষদের পুরোনো ভবনে মার্চ মাসের ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবু গাজী কয়েক শ চালের স্লিপ কালোবাজারে বিক্রি করে দেন। স্লিপগুলো তিনি ৩০০ টাকা করে বিক্রি করেন। পরে ওই চাল তুলে রিকশায় করে নিয়ে যাওয়ার সময় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পাটওয়ারী ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি খাজে আহমেদ তালুকদারসহ স্থানীয় লোকজন ওই চালের ক্রেতা উত্তর চরভাঙ্গা গ্রামের ইউসুফ গাজী, আবু ছায়েদ, পশ্চিম চর কৃষ্ণপুরের বাসু রাঢ়ী ও মান্নান গাজীকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে কালোবাজারে বিক্রি করা ৪৮০ কেজি চালসহ ওই চারজনকে আটক করে। প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, চাল আটকের সংবাদ পেয়ে গাজীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা বেগমের দেবর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া শ্রমিক লীগের সভাপতি খাজে আহমেদ তালুকদারকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই সময় তিনি চালের ক্রেতাদের ছেড়ে দেওয়ার জন্য হাইমচর থানার এসআই শাহজাহানকে নির্দেশ দেন। পরে পুলিশ চালের ক্রেতা মান্নান গাজীকে ছেড়ে দেয় এবং ইউসুফ গাজী ও আবু ছায়েদকে থানায় নিয়ে যায়। এ সময় অভিযোগ থাকার পরেও উপজেলা চেয়ারম্যানের নির্দেশে পুলিশ চাল বিক্রির ঘটনায় জড়িত হাবু গাজীকে আটক করেনি। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চালের ক্রেতা হিসেবে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইউপি সদস্য হাবু গাজী জেলেদের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, ‘আমি ব্যস্ত আছি। পরে এ ব্যাপারে কথা বলব।’