জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে জেলেদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি ১৬০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ৪০ থেকে ৫০ কেজি চাল বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেরা।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি পাথরঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান হাওলাদার বলেন, চরদুয়ানী ইউনিয়নে এক হাজার ১৪০ জন জেলের নামে জনপ্রতি ১৬০ কেজি করে চাল বরাদ্দ হয়েছে। মার্চ মাসে এই চাল দেওয়ার কথা ছিল। তালিকা নিয়ে জটিলতার কারণে জুলাই মাসে চাল দেওয়া শুরু হয়। এতে জেলেদের চার মাসের ১৬০ কেজি চাল একসঙ্গে পাওয়ার কথা। কিন্তু তাঁদের ৪০ থেকে ৫০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ওই চাল আত্মসাৎ করছেন বলে অভিযোগ করেন তিনি।
গত শনিবার দুপুরে চরদুয়ানী ইউপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের চাল বিতরণ চলছে। আর ৫ নম্বর ওয়ার্ডের চাল বিতরণের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট লোকজন। বিতরণস্থলে বালতি দিয়ে অনুমান করে কাউকে চার বালতি আবার কাউকে পাঁচ বালতি চাল দেওয়া হচ্ছে। প্রতি বালতিতে আট থেকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সেই হিসাবে জনপ্রতি জেলেকে ৩২ থেকে ৫০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তারপর টিপসই রেখে দিচ্ছেন উত্তর চরদুয়ানী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান। অন্য আরেকটি বুথে ইউনিয়ন প্রজম্ম লীগের সভাপতি জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন সরকারদলীয় নেতাকে দেখা গেছে। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম জাফর সাদিকের সেখানে তদারক করার কথা থাকলেও তিনি কার্যালয়ে দ্বিতীয় তলায় চেয়ারম্যানের কক্ষে বসে ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে মজিবর রহমান বলেন, যাঁরা চাল পেয়েছেন আর যাঁরা চাল পাননি, তাঁদের মধ্যে চাল সমন্বয় করা হয়েছে। এ জন্য চাল কম দেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম জাফর সাদিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ সময় উত্তর চরদুয়ানী গ্রামের জেলে ইব্রাহিম হাওলাদার, আল আমিন আকন, সহেরাবাদ গ্রামের জেলে বাবুল হাওলাদার, মিজানুর রহমানসহ অন্তত ৫০ জন জেলে অভিযোগ করেন, জনপ্রতি ১০০ থেকে ১২০ কেজি চাল কম দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার ৯ নম্বর ওয়ার্ডের শাহ আলম ও আক্কাস হোসেন অভিযোগ করেন, তাঁদের একজনকে ৩০ কেজি ও অন্যজনকে ৪০ কেজি চাল দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান এম কামরুল ইসলাম বলেন, প্রত্যেক জেলেকে ১৫০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ১০ কেজি চাল কম দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘চালে ঘাটতি আছে। তাই ১০ কেজি কম দেওয়া হয়েছে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন সরকার বলেন, ‘চাল কম দেওয়ার অভিযোগ সত্য নয়। ঘটনাটি আমরা খতিয়ে দেখেছি।’