জেলেদের চাল বিতরণে জটিলতা কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরেও ভোলায় জেলেদের ভিজিএফের চাল বিতরণ নিয়ে জটিলতা কাটেনি৷ চাল বিতরণ হচ্ছে জাটকা সংরক্ষণ মৌসুম শেষ হওয়ার পর৷ এতে সরকারি এই কার্যক্রমের মাধ্যমে জেলেরা যথাসময়ে উপকৃত হচ্ছেন না এবং জাটকা নিধনও বন্ধ হচ্ছে না৷ ফলে, জাটকা সংরক্ষণ মৌসুমে জেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে না৷
জেলে ও মৎস্য কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি কারণে জেলেদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের জটিলতা কাটেনি৷ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যথাসময়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসা, তালিকা তৈরিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের অনিয়ম, জেলেদের বদলে তালিকায় ধনী ও অন্য পেশার লোকদের অন্তর্ভুক্ত করা এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চাল আত্মসাৎ করার মানসিকতা৷
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ মৌসুম আট মাস (নভেম্বর-জুন)৷ এর মধ্যে ইলিশের অভয়াশ্রম বাস্তবায়ন করার সময় দুই মাস (মার্চ-এপ্রিল)৷ এ দুই মাস মেঘনা, তেঁতুলিয়াসহ দেশের অধিকাংশ নদীতে জাল ফেলা নিষিদ্ধ৷
জাটকা সংরক্ষণ মৌসুমের সময় ভোলার সাত উপজেলায় নিবন্ধিত ৮৮ হাজার ১১২টি জেলে পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে যায়৷ তাদের মধ্যে ৫২ হাজার ১৫০টি পরিবারকে সরকার চার মাসে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি ভিজিএফের চাল চার কিস্তিতে দিচ্ছে৷ ২০০৬ সাল থেকে ত্রাণ অধিদপ্তর এই চাল দিচ্ছে৷ চলতি মৌসুমে গত মার্চ থেকে চাল বিতরণ শুরু হওয়ার কথা৷ কিন্তু ভোলায় সুবিধাভোগী ৯০ শতাংশ জেলে এখনো চাল পাননি৷
জেলা মৎস্য কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলার সাতটি উপজেলার মধ্যে শুধু দৌলতখানে মার্চ মাসের চাল বিতরণ করা হয়েছে৷
সদর উপজেলার রামদাসপুরের জেলে আবুল জলিল, মনিরুল ইসলাম, চডারমাথা মাছঘাটের ইয়াছিন মাঝি অভিযোগ করেন, ১০ বছর ধরে জেলেদের নামে বরাদ্দ দেওয়া চাল দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের আত্মীয়রা পাচ্ছেন৷ অনিয়ম ঠেকাতে সরকার জেলেদের নামে নিবন্ধন কার্ড করল৷ কিন্তু সেই তালিকায় ঢুকেছে রিকশাওয়ালা, কৃষক ও দলীয় কর্মী৷
তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউপির চেয়ারম্যান আবু তাহের মিয়া ও সদরের রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল হক জানান, মন্ত্রণালয় থেকেই বরাদ্দের চিঠি বিলম্বে আসছে৷ সেই চিঠি জেলা প্রশাসক, ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে ইউপির চেয়ারম্যানের হাতে পৌঁছাতে বিলম্ব হয়৷ এ কারণে তালিকা তৈরিতে বিলম্ব হচ্ছে৷ সঠিক সময়ে জেলেদের হাতে সরকারি বরাদ্দ পৌঁছানোর জন্য জানুয়ারিতেই মন্ত্রণালয় থেকে চিঠি সরবরাহ, তালিকা তৈরিসহ সব কাজ শেষ করতে হবে৷
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল ওয়াহেদ বলেন, ‘ত্রাণ অধিদপ্তর থেকে ১৮ মার্চ চাল বিতরণের চিঠি পাঠানো হয়েছে৷ সেই চিঠি আমরা পেয়েছি ২৪ মার্চ৷ ওই দিনই আমরা ইউএনওদের বরাবর চিঠি বিলি করেছি৷ কিন্তু তাঁরা ইউপির চেয়ারম্যানদের খাদ্যশস্যের ছাড়পত্র (ডিও) কবে দিয়েছেন, তা বলতে পারব না৷’
মনপুরার ইউএনও আবদুল্লাহ আল বাকী ও সদরের ইউএনও কামরুল আরিফ জানান, তাঁরা ২৭ মার্চ চিঠি পেয়েছেন৷ কিন্তু ইউপির চেয়ারম্যানরা যথাসময়ে জেলেদের তালিকা জমা না দেওয়ায় তাঁরা ২৫ ও ২৬ এপ্রিল ডিও ছেড়েছেন৷ এখানে তাঁরা কোনো গাফিলতি করেননি৷
সাত উপজেলায় খাদ্য বিভাগের দায়িত্বে থাকা বোরহানউদ্দিন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অবনি ভূষণ দাস বলেন, ‘২৮ এপ্রিল থেকে ইউএনওদের কাছ থেকে প্রথম কিস্তির খাদ্যশস্যের ছাড়পত্র (ডিও) পেতে শুরু করেছি৷ সর্বশেষ চলতি মাসে চরফ্যাশন উপজেলা থেকে পেয়েছি৷’