জেলেদের জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদে ইলিশ শিকার করার সময় গত শুক্র ও শনিবার অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এসব জাল পরে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত দায়ী ১৮ জন জেলের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মেঘনা নদী এবং সাগর মোহনার চারটি এলাকায় ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমল হোসেনের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদারসহ প্রশাসনের কর্মকর্তারা শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদের চর শাজজালাল, বাঁশবাড়িয়া, চর হাদী, চর আউলিয়াপুর, হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে আট হাজার মিটার অবৈধ জাল ও ২৫টি মা-ইলিশ জব্দ করেন। আর শনিবারের অভিযানে ২০ হাজার মিটার অবৈধ জাল ও ২৮টি মা-ইলিশ জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ওই দুদিনই অভিযানের পর তেঁতুলিয়া নদীর পাড়ে হাজিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদের কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটক করা ২৮ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে; যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা।