জেলেদের জালে মরল ইরাবতী ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে গত বুধবার সকালে জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে বিরল প্রজাতির একটি ইরাবতী ডলফিন। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেটি পাথরঘাটা পৌর এলাকায় নদীর তীরে পড়ে থাকতে দেখা গেছে।

এর আগে গত ১৫ নভেম্বর কাছাকাছি এলাকায় বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের জালে আটকা পড়ে মারা যায় ২৬ ফুট লম্বা ও ৫০ মণ ওজনের একটি বিরল প্রজাতির তিমি হাঙর।

মূলত সুন্দরবনের ভেতরের নদ-নদীতে ইরাবতী ডলফিনের আবাস। মৎস্য সম্পদ নিয়ে কাজ করা ব্যক্তিদের ভাষ্যমতে, পাথরঘাটায় বিষখালী নদীতে এই প্রথম ইরাবতী ডলফিনের সন্ধান পাওয়া গেল।

বিষখালী নদীতে মারা পড়া প্রাণীটি ইরাবতী ডলফিন বলে নিশ্চিত করেছেন ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির জ্যেষ্ঠ গবেষক মো. জাহাঙ্গীর আলম। তিনি গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুন্দরবন-সংলগ্ন নদ-নদী ইরাবতী ডলফিনের আবাস। এ দেশে প্রায় ৬ হাজার ইরাবতী ডলফিন রয়েছে। বিশ্বের কোনো দেশেই ১০০-এর বেশি ইরাবতী ডলফিন নেই। তবে মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়া ও জালে আটকা পড়ে মারা যাওয়ায় এ প্রাণী বর্তমানে হুমকির সম্মুখীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রান্তিক জেলে আবু সালেহর জালে গত বুধবার সকালে আটকা পড়ে ডলফিনটি। জেলেরা প্রথমে ধারণা করেছিলেন, বড় আকারের কোনো মাছ জালে আটকা পড়েছে। কিন্তু জাল ওপরে তুলে দেখতে পান, সেটি ডলফিন। প্রায় দুই মণ ওজনের ডলফিনটি ওপরে তোলার আগেই মারা যায়।

গতকাল দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জজ বাড়ি-সংলগ্ন বিষখালী নদীতীরে গিয়ে দেখা যায়, ইরাবতী ডলফিনটি তখনো সেখানে পড়ে আছে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক প্রথম আলোকে বলেন, পাথরঘাটার বিষখালী নদী ও বলেশ্বর নদে বিভিন্ন প্রজাতির প্রচুর ডলফিন রয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ আইনে ডলফিন শিকার নিষিদ্ধ। তবে জেলেরা ইচ্ছা করে ডলফিন শিকার করেন না। তাঁদের জালে আটকা পড়ে প্রাণীটি মারা গেছে।

২০১২ সালের ২৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে পরিবেশ ও বন মন্ত্রণালয় খুলনার দাকোপ উপজেলা-সংলগ্ন সুন্দরবনের ঘাঘড়ামারী টহল ফাঁড়ি থেকে ঢাংমারি স্টেশন হয়ে ১২ কিলোমিটার নদীপথ, বাগেরহাটের মোংলার চিলা থেকে শ্যালা নদী পর্যন্ত ১৫ কিলোমিটার এবং শরণখোলা উপজেলার দুধমুখী নদী থেকে ভোলা নদীর মুখ পর্যন্ত ৫ কিলোমিটার নৌপথকে ডলফিনের অভয়ারণ্য ঘোষণা করে।