জেলেদের ধরে আ.লীগ নেতাদের চাঁদাবাজি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ছয়টি মাছঘাটে প্রায় ১০ হাজার জেলের কাছ থেকে খাজনার নামে প্রতিদিন চাঁদা আদায় করা হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতা এ চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
মেঘনা নদীর পাড়ে হাজীমারা, চরকাছিয়া পানিরঘাট, গোলগুইলা, বেড়ির মাথায়, মিয়ার হাট ও কানিবগারঘাটে জেলেরা যেকোনো পরিমাণ মাছ বিক্রি করলেই ছয় টাকা হারে চাঁদা দিতে হয়।
মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, আগে হাজীমারা, পানিরঘাট ও চরজালিয়াঘাট ইজারা দেওয়া হতো। ১৯৯১ সালে মাছঘাট ইজারা প্রথা বাতিল করা হয়। এর পর থেকে সন্ত্রাসীরা ঘাটগুলো দখল করে ছয় টাকা হারে চাঁদা আদায় শুরু করে। বিগত কয়েকটি সরকারের আমলেও খাজনার নামে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় চলতে থাকে। তবে এক-এগারোর পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর জেলেরা এ যন্ত্রণা থেকে মুক্ত ছিল। ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার মাছঘাটগুলোকে মৎস্য অবতরণকেন্দ্র হিসেবে চিহ্নিত করে মৎস্য উন্নয়ন করপোরেশনের আওতায় নেয়।
একই বছরের নভেম্বর মাসের খাজনা আদায়ের জন্য করপোরেশন একজন কর্মকর্তা ও সাতজন কর্মচারীকে নিয়োগ দেয়। বিগত চারদলীয় জোট সরকারের আমলে সন্ত্রাসীরা মাছঘাটগুলোতে হামলা চালায়। এরপর কর্মকর্তা-কর্মচারীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ঢাকায় ফিরে যান। এ পর্যায়ে সন্ত্রাসীরা ওই তিনটি মাছঘাটের নিয়ন্ত্রণ নেয়। পরে আরও তিনটি ঘাট বসিয়ে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই আবার দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা ও উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের খালেক হোসেন দেওয়ানসহ দলটির কয়েকজন নেতা ঘাটগুলো দখল করে নেন।
চরবংশী গ্রামের করিম উদ্দিন ও মো. শাহাদাত হোসেন জানান, ঘাট দখলকারী প্রভাবশালীরা মাছঘাটগুলোতে চাঁদা আদায় করছেন। মাছ বিক্রির পর জেলেদের কাছ থেকে ছয় টাকা হারে চাঁদা নেওয়া হয়। এভাবে প্রতিদিন কমপক্ষে এক লাখ টাকা আদায় হয়। ঘাটে মাছ বিক্রি না করলে সন্ত্রাসীরা জেলেদের শারীরিকভাবে নির্যাতন করে। জানতে চাইলে খাজনা আদায়কারী জাকির হোসেন মোল্লা, তাঁর ভাই মনির হোসেন মোল্লা ও খালেক হোসেন দেওয়ান দাবি করেন, মাছ বিক্রির ওপর তাঁরা কমিশন নেন। এই আড়তদারি ব্যবসার জন্য তাঁরা ট্রেড লাইসেন্স নিয়েছেন। তা ছাড়া জেলেদের তাঁরা দাদনে টাকা দেন। এ জন্য জেলেরা তাঁদের কাছে মাছ বিক্রি করেন।