জেলেদের নেতা ছিলেন ‘প্রফুল্ল মেম্বার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রফুল্ল সরকারের হত্যার ঘটনায় জেলেপাড়ায় মানুষের শোকের মাতম এখনো কাটেনি। জেলেপাড়ার অনেকেই জানান, প্রফুল্ল ছিলেন তাঁদের নেতা। নিখোঁজ হওয়ার তিন দিন পর গত শুক্রবার প্রফুল্লের লাশ লাগেজে ভরা অবস্থায় সিলেট-গোয়াইনঘাট রাস্তার ধোপাগোল এলাকায় পাওয়া যায়। পরে ওই দিন রাতেই এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়। পরে হরমুজ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রফুল্লের বাড়ি উপজেলার দ্বারিরপার গ্রামে। দ্বারিরপার গ্রামে গতকাল রোববার গিয়ে কথা হয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে। তাঁরা জানান, গোয়াইনঘাটের দুর্গম হাওর এলাকার জেলেদের নেতা ছিলেন ‘প্রফুল্ল মেম্বার’। জলমহাল ও কৃষিজমিতে নানাভাবে অধিকারবঞ্চিত ছিল হাওর এলাকার এসব নিরীহ জেলে। তাঁর কারণে অনেকে জেলেদের শোষণ করতে পারতেন না। তিনি প্রাণের ভয় না করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তিনি ছিলেন নির্ভীক ও সৎসাহসী মানুষ। দ্বারিরপারের পাশের গ্রাম কচুয়ারপাড় গ্রামের আলক্কাছ মিয়া, সিরাজুল ইসলাম, সিরাজ মিয়া, দ্বারিরকান্দি গ্রামের গিরিন্দ্র ও নরেশ নমসহ প্রায় অর্ধশতাধিক লোক জানান, দ্বারিরপার গ্রামের দক্ষিণ পাশে লন্ডনি রোড এলাকার হরমুজ আলীর ২০-২৫ বিঘা জমি রয়েছে। হরমুজের জায়গার সীমানা ঘেঁষে দ্বারিরপার রাস্তাটি সালুটিকর-কদমতলা পাকা রাস্তার সঙ্গে সংযুক্ত। ইউনিয়ন পরিষদ থেকে টিআর, কাবিখাসহ বিভিন্ন সরকারি বরাদ্দের মাধ্যমে রাস্তাটির মেরামত করার কাজ চলছিল। রাস্তার মাটির জন্য সবাই যার যার জমি থেকে মাটি দিচ্ছিলেন। শ্রমিকেরা হরমুজের জমি থেকে মাটি নিতে চাইলে তাঁর ছেলে আবদুল আলীসহ ১০-১২ জন লোক তাতে বাধা দেন। এতে গ্রামবাসী ও হরমুজসহ তাঁর লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রফুল্ল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসী তাঁর কথা মানলেও হরমুজের লোকজন প্রফুল্লের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেম্বারকে শহরে গেলে দা দিয়ে হাত-পা কেটে বস্তাবন্দী করে নদীতে ফেলার হুমকি দিয়ে তাঁরা চলে যান। নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুন রশিদ জানান, ‘হরমুজ ও তাঁর ছেলে আবদুল আলীর হুমকির বিষয়ে প্রফুল্ল তাঁর কাছে অভিযোগ করেছিলেন। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুরো ইউনিয়নের বাসিন্দারা প্রতিবাদ সমাবেশ করব।’ প্রফুল্লের কলেজপড়ুয়া ছেলে সজল সরকার বলে, ‘আমার বাবা মানুষের পক্ষে কথা বলতেন। আর এ কথা বলাই হয়েছিল তাঁর কাল। বাবার ইচ্ছা ছিল, আমি লেখাপড়া শিখে গ্রামের মানুষের জন্য কাজ করব। কিন্তু বাবার মৃত্যুতে সব উলটপালট হয়ে গেছে।’