জেলেদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

সুনামগঞ্জ সদর উপজেলার নতুন হাসননগর এলাকার জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং ওই মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বেলা ১১টার দিকে পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নতুন হাসননগর ও আপ্তাবনগর এলাকার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন হাসননগর এলাকার গোজাউরা জলমহালে গত ১৯ অক্টোবর রাতে কে বা কারা বিষ ঢেলে দেয়। এতে ওই জলমহালের কিছু মাছ পানিতে ভেসে ওঠে ও মারা যায়। এরপর জলমহালের ইজারাদারের পক্ষ থেকে স্থানীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে স্থানীয় জেলেরা জড়িত নন। তাঁরা বিষ প্রয়োগের বিষয়টি জানেন না। ওই এলাকার জলাশয়ের ওপরই জেলেদের জীবিকা নির্ভরশীল। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাই দ্রুত মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।