জেলেদের মধ্যে চাল বিতরণে অনিয়ম!
বরিশালে জেলেদের পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। মেহেন্দীগঞ্জ উপজেলায় চাল বিতরণে অনিয়মের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি মেহেন্দীগঞ্জের দুই হাজার ৭০০ জেলের অনুকূলে জনপ্রতি ৩০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়। দুই হাজার ৭০০ জেলের নামের তালিকা থাকলেও শেষ পর্যন্ত এক হাজার ২০০ জেলের মধ্যে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। এ ছাড়া জনপ্রতি ৩০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল দেওয়া হয় বলে জানা গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক মো. মসিউর রহমান মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্তের নির্দেশ দেন। ইউএনও তদন্তের দায়িত্ব দেন উপজেলা প্রকৌশলী তায়েব হোসেনকে। এ ব্যাপারে তায়েব হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার লিখিতভাবে দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার পর মৎস্য কর্মকর্তাকে এ-সংক্রান্ত কাগজপত্র দেওয়ার জন্য বলেছি। সব কাগজপত্র পাওয়ার পর তদন্ত শুরু হবে।’ মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, দুই-এক দিনের মধ্যে সব কাগজপত্র পৌঁছে দেওয়া হবে।আলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম জানান, ‘সঠিকভাবে তালিকা হয়েছে কি না বা কোনো অনিয়ম হয়েছে কি না, তা ইউএনও ও মৎস্য কর্মকর্তা ভালো বলতে পারবেন। আমি কোনো মন্তব্য করব না।’ জেলেদের চাল কম দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। ইউএনও বদরুল হক জানান, তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।