জেলেদের সঙ্গে কোস্টগার্ডের সংঘর্ষ দুই জেলে আটক
বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় গতকাল বুধবার কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই জেলেকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের দক্ষিণ জোনের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার নূরের ভাষ্যমতে, জেলেদের সঙ্গে কাউন্সেলিং করার উদ্দেশ্যে গতকাল সকাল ১০টার দিকে কোস্টগার্ডের একটি দল রওনা হয়। টহল দলটি চরমোনাই এলাকায় চারটি জেলে-নৌকাকে অবৈধভাবে মাছ ধরতে দেখে সেদিকে ছুটে যায়। এ সময় ওই নৌকাগুলো থেকে জেলেরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে কোস্টগার্ডের সদস্যরা নিজেদের অস্ত্র প্রদর্শন করলে জেলেরা পালিয়ে যান। তবে জুয়েল ফরাজী (১৮) ও কবির হাওলাদার (৪০) নামের দুই জেলেকে আটক করতে সক্ষম হন কোস্টগার্ডের সদস্যরা। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এদিকে জেলেরা দাবি করেছেন, কোস্টগার্ডের সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকা ধাওয়া করে নদীর মাঝখানে নিয়ে গুলি করেন। এতে দক্ষিণ লামছরি গ্রামের আবদুল মজিদ মাঝির ছেলে হান্নান গুলিবিদ্ধ হন। এ সময় নদীতে লাফিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে কোস্টগার্ড দুই জেলেকে ধরে নিয়ে যায়।