জেলেদের সুদিন ফিরেছে ইলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় নদনদীতে চলতি মৌসুমে গত ২০ বছরের তুলনায় পাঁচ গুণ বেশি ইলিশ ধরা পড়েছে। এ কারণে জেলেদের সুদিন এসেছে। তাঁরা ঋণ পরিশোধ করেছেন। ভাঙনকবলিত জেলেরা জমি কিনেছেন। নতুন জাল ও নৌকা বানানোর স্বপ্নও দেখছেন কেউ কেউ।

জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, এ বছরই প্রথম জাটকা সংরক্ষণ মৌসুমে দুবারে (নভেম্বর-জুন) ১৫ দিন করে ৩০ দিন (জানুয়ারি ও মার্চ) যুগ্ম সচিবের নেতৃত্বে অবৈধ জাল উৎখাত অভিযান চালানো হয়। এ কারণে গত কয়েক বছরের তুলনায় চার-পাঁচ গুণ ইলিশ ধরা পড়েছে। একেকটি ছোট জেলে নৌকায় দিনে ২৫-২৬ হাজার টাকার ও বড় জেলে নৌকায় ৪৫-৫০ হাজার টাকার ইলিশ ধরা পড়েছে। এতে করে জেলেরা এবার ঋণ ও দাদনমুক্ত হচ্ছেন।

জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, ভোলার ১৩৩টি মাছঘাটে জুলাইয়ে ১১ হাজার ৩৯৮, আগস্টে ১৬ হাজার ৩৪২ ও ১-১৫ সেপ্টেম্বর ২০ হাজার ১৫৪ মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে।

৭ উপজেলার ১২টি মাছঘাট ঘুরে দেখা যায়, ঘাটের জেলে, দালাল, টোকাই, আড়তদার, বহনকারী, পাইকার, ক্রেতা ও মাছকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত। এমনকি তাঁদের চা, পান খাওয়ার ফুসরতও নেই।

সদর উপজেলার তুলাতলি মাছঘাটে জেলে আবদুস সাত্তার বলেন, ১৫-১৬ বছর আগে একবার বেশি ইলিশ পাওয়া গেছে, তখন মাছের আকার ছোট ছিল। এ বছর ইলিশ বিগত মৌসুমের চেয়ে ৫-৬ গুণ বেশি। বেশি ইলিশ পাওয়ার কারণে তিনি তিন বছরের জমা ঋণ পরিশোধ করেছেন, যা অর্ধলাখের ওপর।

একই উপজেলার ভাঙনকবলিত রাজাপুর ইউনিয়নের আবদুর রব জমাদ্দার, জয়নাল জমাদ্দার, শাহাবুদ্দিন মাঝি, ইউসুফ দুলু, ছগির মাঝি, সুজন বয়াতি, নাজিম চৌকিদার, শহিদ মাঝি ও জাহাঙ্গীর মাঝি, পূর্ব ইলিশার মো. ইউসুফ, জসিম উদ্দিনসহ পাঁচ শতাধিক জেলে ধার শোধ করে জমি কিনেছেন বলে জানা গেছে।

লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বদিউল ইসলাম বলেন, তিনি এক লাখ টাকা ঋণ শোধসহ এবার কোরবানি দিয়েছেন। তিনি এবার আরেকটি সাভার (জাল-নৌকা) করবেন বলে আশা করছেন।

চরফ্যাশন উপজেলার ঢালচর ইউপির চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বলেন, তিনি ৩০ বছর ধরে মাছের ব্যবসা করেন। বিগত সময়ে কখনোই এ বছরের মতো টানা তিন মাস ইলিশ ধরা পড়েনি।

ভোলার জংশন, তুলাতুলি, দৌলতখানের মাঝিরহাট, পাতারখাল, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন, তজুমদ্দিনের স্লুইসঘাট, মনপুরার রামনেওয়াজ, লালমোহনের বাত্তিরখাল এবং চরফ্যাশনের সামরাজ ও ঢালচর মাছঘাটে কয়েকজন আড়তদারের খাতা দেখে জানা যায়, সবচেয়ে ছোট নৌকার শ্রমিক চার-পাঁচ জন আর বড় নৌকার ১২-২০ জন। ছোট জেলে নৌকায় গত তিন মাসে ২০-২২ লাখ টাকার এবং বড় নৌকায় ৪৫-৫০ লাখ টাকার মাছ ধরা পড়েছে।

জেলেরা বলেন, মা-ইলিশ নিধন বন্ধসহ জাটকা সংরক্ষণের কারণে বেশি ও বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তাঁরা সরকারকে অবৈধ জাল উৎপাদক ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জেলা মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান বলেন, ২০০১-০২ সালের দিকে ইলিশ শেষ হয়ে যাচ্ছিল। পরে জাটকা সংরক্ষণ ও প্রণোদনায়ও কাজ হচ্ছিল না। ২০০৭-০৮ সালের দিকে মা-ইলিশ সংরক্ষণ (ইলিশের অভয়াশ্রম) অভিযান শুরু হলো। এর ফল আসা শুরু হয়েছে। ভবিষ্যতে মা-ইলিশ সংরক্ষণে শতভাগ সফল হতে হবে। তাহলে জেলেদের দৈন্যদশা কমবে।