জেলেপল্লির নির্যাতিত নারীকে দেখতে গেলেন মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলেপল্লিতে হামলার শিকার নারীকে দেখতে গতকাল সোমবার ফেনী জেলা সদর হাসপাতালে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। যদি কোনো রকমের কালক্ষেপণ করা হয়, তাহলে ধরে নেওয়া হবে যে অপরাধীকে বাঁচানোর চক্রান্ত চলছে। সে ক্ষেত্রে তাঁর জন্য যতটুকু করা প্রয়োজন, তাই করবে মানবাধিকার কমিশন।
চাঁদা না পেয়ে গত বুধবার রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারার জেলেপল্লিতে অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে ওই নারীর গর্ভপাত হয়। এ ঘটনায় জেলেপল্লির বাসিন্দা জহরলাল দাস বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন।
মিজানুর রহমান বলেন, কিছু দুষ্টচক্র ও অপরাধী যারা এ কাজটি করেছে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যে ঘটনা ঘটেছে, তাতে রাষ্ট্র ও সরকারের কোনো মদদ নেই।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা সিভিল সার্জন ইসমাইল হোসেন সিরাজী, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল করিম, ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছরওয়ার জাহান, বিএমএ ফেনীর সহসভাপতি রামপদ সাহা, ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ প্রমুখ।
এদিকে গতকাল বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডে জেলেপল্লিতে হামলার প্রতিবাদে হিন্দুধর্মীয় বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন প্রিয়রঞ্জন দত্ত, শুকদেব নাথ, রাজীব খগেশ দত্ত শুসেন চন্দ্র শীল প্রমুখ।