জেলের জালে আড়াই কেজির ইলিশ

সাগরে কয়েক দিন ইলিশের দেখা মিললেও নাফ নদীতে জাল ফেলে তেমন কোনো মাছ পাচ্ছিলেন না জেলেরা। বৃহস্পতিবার ভোররাতে নদীতে জাল ফেললে সকালে ছোট-বড় ৩২টি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে একটির ওজন আড়াই কেজি।
টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার গ্রামের জেলে আলী হোসেন (৬৮) ও তাঁর ছেলে হাবিবুর রহমানের (২১) জালে এ মাছগুলো ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শী মো. নবী হোসেন বলেন, আলী হোসেন ও হাবিবুর রহমান—দুজনই সাত-আট বছর ধরে নাফ নদীতে মাছ শিকার করছেন। তাঁরা রাতে নাফ নদীতে নৌকায় করে ইলিশ শিকারের জন্য জাল ফেলে আসেন। বৃহস্পতিবার সকালে জাল তুলে দেখেন ছোট-বড় ৩২টি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে একটির অনেক বড়। বড় ইলিশ মাছের ওজন আড়াই কেজি (২ কেজি ৫০০ গ্রাম)। বাকি মাছগুলো ওজন ৭০০ থেকে ৯০০ গ্রামের মতো। মাছটি টেকনাফ বাসস্টেশন বাজারে দেখতে লোকজন ভিড় করছে।
হাবিবুর রহমান জানান, আড়াই কেজি ওজনের মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩ হাজার ৭৫০ টাকা হাঁকাচ্ছেন এবং ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছগুলো বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘একটি বড় ইলিশ ধরা পড়ার খবরটি পেয়েছি। সাধারণত এত বড় ইলিশের সহজে দেখা মেলে না।’