জেলের জালে উঠে এল মাছের বদলে কুমির

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় গতকাল বুধবার সকালে পদ্মা নদীতে মাছ ধরার সময় আনারুল ইসলাম নামের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৬ ফুট লম্বা একটি কুমির। বন্যপ্রাণী কর্মকর্তাদের মতে, এটি মিঠাপানির কুমির। এর আগে পদ্মায় এ ধরনের কুমির দেখা যায়নি বলে তাঁরা জানান।
কুমিরটি দেখতে আসা রাজশাহী বন বিভাগের বন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, কুমিরটি দৈর্ঘ্যে ৬ ফুট, চওড়ায় আড়াই ফুট ও ওজন প্রায় ৩৫ কেজি। বাদামি রঙের ডোরাকাটা এ কুমিরটি মিঠাপানির বলে তাঁর ধারণা। তিনি বলেন, গত বর্ষায় ফারাক্কা বাঁধের ফটক খুলে দেওয়ায় হয়তো কুমিরটি ভারত থেকে এখানে চলে এসেছে। এ ধরনের কুমির আগে কখনো পদ্মা নদীতে দেখা যায়নি।
এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে জেলেরা প্রতিদিনের মতো পদ্মা নদীর নওসারা সুলতানপুর এলাকায় মই জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় জেলে আনারুলের একটি জালে ওই কুমিরটি ধরা পড়ে। পরে অন্য জেলেদের সহযোগিতায় কুমিরটি ধরে উপজেলার বিলমাড়িয়া এলাকার নাগশোষা গ্রামের ছোট একটি পুকুরে এনে রাখা হয়। খবর পেয়ে লালপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, উপজেলা মৎস্যসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, বন কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউটের কর্মকর্তা সোহেল রানা সেখানে আসেন। পরে তাঁরা কুমিরটি আবার নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় আশপাশের এলাকা থেকে কয়েক শ কৌতূহলী লোক কুমিরটি দেখতে ছুটে আসেন। বিকেল চারটার দিকে এলাকাবাসীর সহায়তায় কুমিরটিকে বিলমাড়িয়া এলাকার পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।