জেলের জালে বিপন্ন ঘড়িয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসনের হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে গতকাল এক জেলের জালে ধরা পড়ে বিপন্ন প্রজাতির এই ঘড়িয়ালটি। ছবি প্রথম আলো
ফরিদপুরের চরভদ্রাসনের হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে গতকাল এক জেলের জালে ধরা পড়ে বিপন্ন প্রজাতির এই ঘড়িয়ালটি। ছবি প্রথম আলো

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে গতকাল শুক্রবার বিকেলে এক জেলের জালে ধরা পড়ে বিপন্ন প্রজাতির একটি ঘড়িয়াল। আজ শনিবার দুপুরে বন বিভাগের মাধ্যমে প্রাণীটিকে আবার পদ্মায় অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে ঘড়িয়ালটি আটকা পড়ে স্থানীয় জেলে জাহাঙ্গীর শেখের জালে। এরপর সারা রাত জালে জড়ানো অবস্থায় এটিকে মাছ ধরা নৌকায় রেখে দেওয়া হয়। আজ সকালে ঘড়িয়ালটি নিয়ে আসা হয় হাজিগঞ্জ বাজারে। এ সময় প্রাণীটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করে।

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন সকাল পৌনে ১০টার দিকে একটি নছিমনে করে ওই বাজার থেকে ঘড়িয়ালটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘরাইয়ের কাছে নিয়ে যান। মনদীপ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার নির্দেশে ঘড়িয়ালটি নদীতে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জেলা বন বিভাগ কার্যালয় থেকে জানা গেছে, ঘড়িয়ালটি বিরল প্রজাতির মিঠা পানির কুমির বর্গের সরীসৃপ। এটি বিপন্ন প্রজাতির প্রাণী। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) পরিচালিত জরিপ অনুযায়ী, বিশ্বে মিঠা পানির এ জাতীয় ঘড়িয়াল রয়েছে ২০০টির মতো। আইইউসিএনের বিলুপ্তপ্রায় প্রাণীদের সংকলন ‘রেড ডেটা বুক’-এর তালিকায় এর নাম রয়েছে।

ফরিদপুর বন বিভাগের কর্মকর্তা নির্মল কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ঘড়িয়ালটির দৈর্ঘ্য ছিল পাঁচ ফুট, আর প্রস্থ ছিল দেড় ফুট। ওজন আনুমানিক ১৫ কেজি। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের শহরতলির ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে ঘড়িয়ালটি ছেড়ে দেওয়া হয়।