জেলেরা এলাকাছাড়া কৃষক জমিহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দক্ষিণ উপকূলের মৎস্য ও কৃষিজীবীদের পেশায় মারাত্মক সংকট দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় জাল ও নৌকা হারিয়ে নিঃস্ব হন প্রায় পাঁচ লাখ জেলে। নতুন করে ঋণ নিয়ে জীবিকায় ফিরতে পারলেও বৈরী আবহাওয়া, দস্যুদের তাণ্ডব, মাছের আকালে অস্থির সময় কাটাচ্ছেন তাঁরা। গত তিন বছরে বরগুনা সদরসহ তিন উপজেলার ৪০০ জেলে দেনার দায়ে এলাকা ছেড়েছেন।অন্যদিকে মাত্রাতিরিক্ত লবণ ও বৈরী আবহাওয়ার কারণে উপকূলের কৃষিক্ষেত্র বিপর্যস্ত হয়ে পড়েছে। এক হিসাবে দেখা গেছে, মাত্রাতিরিক্ত লবণের কারণে বিগত পাঁচ বছরে দক্ষিণের চার জেলায় প্রায় সাড়ে ৬৭ হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়েছে। এতে তিন লাখ ৩৭ হাজার মেট্রিক টন ফসল কম উৎপাদন হচ্ছে।জলদস্যুদের উৎপাত: প্রাকৃতিক বৈরিতার পাশাপাশি সুন্দরবনকেন্দ্রিক কম পক্ষে ছয়টি দস্যু বাহিনীর লুণ্ঠন, অপহরণ ও চাঁদাবাজিতে নিঃস্ব হয়ে পড়ছেন জেলেরা। ৫০ হাজার থেকে এক লাখ টাকা আগাম চাঁদা দিয়ে টোকেন নিয়ে সাগরে গিয়েও অপহরণ ও লুণ্ঠনের শিকার হচ্ছেন তাঁরা।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, গত পাঁচ মাসে বঙ্গোপসাগর ও আশপাশের নদ-নদীতে প্রায় দেড় হাজার ট্রলারে ডাকাতি এবং ১৭০টি ট্রলারসহ প্রায় সাড়ে তিন হাজার জেলে অপহূত হয়েছেন। জনপ্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা পণ দিয়ে মুক্ত হয়েছেন তাঁরা।দেনার দায়ে বন্দী জেলেরা: পাথরঘাটা উপজেলার বলেশ্বর তীরের গ্রাম পদ্মা। গ্রামের মেঠোপথ ধরে পশ্চিমে যেতেই চোখে পড়ে অসংখ্য খুপরি। সিডরে বিধ্বস্ত হওয়ার ছয় বছর পরও তাঁদের ঘর ও জীবিকার ব্যবস্থা হয়নি। খুপরির বাসিন্দা জেলে জবেদ মিয়া (৬৫) বলেন, ‘বইন্যায় ঘরদুয়ার, জাল-নৌকা গেছে। হ্যারপর আর গড়াইতে পারি নায়।’পাথরঘাটা সদর ইউনিয়ন, বরগুনা সদরের নলটোনা ও বালিয়াতলী; তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমপক্ষে ৪০০ জেলে দেনার দায়ে গত তিন বছরে এলাকা ছেড়েছেন বলে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানেরা জানিয়েছেন।কৃষিতেও বিপর্যয়: জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ উপকূলের জমিতে লবণাক্ততা হার বৃদ্ধি পাওয়ায় কৃষি ব্যবস্থাপনা ও শস্য বিন্যাসে বিরূপ প্রভাব পড়েছে। কৃষি জরিপের তথ্যানুযায়ী, উপকূলীয় অঞ্চলে প্রায় ১৭ লাখ ৪০ হাজার পরিবারের জীবিকার মূল উৎস কৃষি। লবণাক্ততা, বৈরী আবহাওয়াসহ নানা ঘাত-প্রতিঘাতে কৃষিক্ষেত্র বিপর্যস্ত হচ্ছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বরিশাল কার্যালয়ের বিশেষজ্ঞরা জানান, দেশের আবাদি জমির ৩০ ভাগই দক্ষিণাঞ্চলে। লবণাক্ততার মাত্রা নির্ধারণে বিশেষজ্ঞরা পাঁচটি স্তরে (এস-১ থেকে এস-৫) এসব এলাকার জমি বিন্যাস করেছেন। এর মধ্যে লবণের সহনীয় মাত্রা হচ্ছে দুই থেকে ৮ ডিএস/এম (এস-১ ও এস-২)। বাকি জমি ফসল উৎপাদনের ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। এই চার জেলায় লবণাক্ত জমির মধ্যে বরগুনার ৩৪ হাজার হেক্টর, পটুয়াখালীতে ৫৯ হাজার, পিরোজপুরে আড়াই হাজার ও ভোলায় সাড়ে ২৪ হাজার হেক্টর জমি এস-৩ থেকে এস-৫ মাত্রার।গত পাঁচ বছরে বরগুনা জেলায় ১৭ হাজার ৪৪০ হেক্টর, পটুয়াখালীতে ৩৬ হাজার হেক্টর, ভোলায় ১৩ হাজার হেক্টর ও ঝালকাঠি জেলায় প্রায় এক হাজার হেক্টর আবাদি জমি কমে গেছে। এতে এই চার জেলায় ফসল উৎপাদনের অনুপযোগী জমির পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ হাজার ৪৪০ হেক্টর। আর ফসল উৎপাদন হ্রাস পেয়েছে তিন লাখ ৩৭ হাজার ২০০ মেট্রিক টন (হেক্টরপ্রতি পাঁচ মেট্রিক টন হিসাবে)। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, দক্ষিণাঞ্চলে লবণাক্ততা যে হারে বাড়ছে, তাতে খাদ্যনিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়তে পারে।