জেলেরা পাবেন পরিচয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশপরম্পরায় জেলে মো. সিরাজ মাঝিকে জলদস্যু হিসেবে মেঘনার চর জহিরুদ্দিন থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ভোলার দৌলতখানের এই বাসিন্দা ছয় মাস জেল খেটে ২০১৪ সালের শেষ দিকে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এই মুক্তির প্রক্রিয়ায় তাঁকে ভিটেমাটি বিক্রি করতে হয়েছে। মুক্তির কয়েক মাসের মধ্যেই সিরাজ হাতে পান জেলে পেশার স্থায়ী পরিচয়পত্র, যেটি জেলে কার্ড নামে তাঁদের কাছে পরিচিত।
সম্প্রতি সিরাজ মাঝি তাঁর জেলে কার্ডটি দেখিয়ে প্রথম আলোকে বললেন, ‘সেদিন এই কার্ডটি সঙ্গে থাকলে হয়তো আমাকে জলদস্যুর পরিচয়ে জেল খাটতে হতো না।’
মেঘনায় মাছ শিকারি জেলেরা জানান, এই পেশার সঙ্গে যুক্তদের সঠিক সংখ্যা না জানা থাকায় জাল, চাল, নৌকাসহ নানা ধরনের সরকারি সাহায্য অনেক ক্ষেত্রেই পান ভুয়া জেলেরা। দুর্ঘটনার শিকার হলে প্রাপ্য সরকারি সহায়তা পাওয়া দুরূহ হয়ে পড়ে। পরিচয়পত্র না থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর সরকারি বাহিনীর হাতে আটক হলে অপরাধী হিসেবে জেলে পচতে হয়। এসব সমস্যা সমাধানে মৎস্য অধিদপ্তর বাংলাদেশের জেলেদের সংখ্যা গুনে তাঁদের নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়ার কর্মসূচি নিয়েছে।
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ইতিমধ্যে ১৬ লাখ ৮৫ হাজার জেলের নিবন্ধন শেষ হয়েছে। ১২ লাখ জেলের পরিচয়পত্রও দিয়ে দেওয়া হয়েছে। ২০১২ সালের জানুয়ারি থেকে এ কর্মসূচি শুরু হয়। আগামী বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা।
সারা দেশের ৪৮২ উপজেলায় এই নিবন্ধনের কাজ চলছে। এ জন্য উপজেলা কমিটি আছে। কমিটি জেলেদের নিবন্ধনের জন্য গণনাকারী নিয়োগ করেছে। প্রতি গণনাকারী জেলেপল্লিতে গিয়ে ৪০০ জন করে জেলে গণনা করেন। স্থানীয় মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের কাউন্সিলর, নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এঁদের শনাক্ত করতে সহায়তা করছেন।
‘জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের’ পরিচালক আরিফুর রহমান তরফদার প্রথম আলোকে বলেন, গণনাকারীর তালিকা উপজেলা প্রশাসনের কাছে আসার পর তা আবার পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই তালিকা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হয়। কোনো আপত্তি থাকলে আবার তালিকা সংশোধন করা হয়। ভুয়া নিবন্ধন এড়াতে এই সতর্কতা।
নিবন্ধনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জাটকা ধরা বন্ধ করতে সরকার পরিবারপ্রতি ৪০ কেজি করে চাল দেওয়ার প্রকল্প শুরু করলে ভুয়া জেলের পরিমাণ বেড়ে যায়। চাল দেওয়া ছাড়াও বিকল্প আয়ের জন্য গরু, হাঁস-মুরগি পালনের কর্মসূচিও নেওয়া হয়। তবে নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়া হয়েছে এমন কয়েকটি এলাকায় দেখা গেছে, আগের চেয়ে জেলের সংখ্যা কমে গেছে।
জেলেদের দেওয়া পরিচয়পত্রে থাকছে বাংলা ও ইংরেজিতে তাঁদের নাম ও ঠিকানা। পরিচয়পত্র বহনকারী যে বাংলাদেশের জেলে, সেটি ইংরেজিতে উল্লেখ আছে পরিচয়পত্রের সামনের অংশে। পেছনের অংশে জেলেদের জাতীয় পরিচয়পত্রের নম্বরটির পাশাপাশি জেলে হিসেবে তাঁদের নিবন্ধন নম্বরটি দেওয়া আছে।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নেয়ামতউল্লাহ, ভোলা এবং আলম পলাশ, চাঁদপুর)