জেলেরা মানছেন প্রভাবশালীরা ধরছেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত বিভিন্ন খাল ও নদী থেকে প্রজননের মাসেও অবাধে ডিমওয়ালা মাছ নিধন চলছে। এতে ক্রমেই হারিয়ে যাচ্ছে মৎস্যকুল। মাছের বংশবিস্তারে সরকার প্রতিবছর মার্চ থেকে মে পর্যন্ত প্রজননক্ষেত্র থেকে ডিমওয়ালা মাছ শিকার নিষিদ্ধ করে, যা জেলেরা মানলেও মানছেন না প্রভাবশালী ব্যক্তিরা।স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ১৩টি খাল ও একটি নদী মৎস্য সংরক্ষণ ও প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত। এর মধ্যে ভারতের আসাম থেকে সৃষ্ট উপজেলার রাজানগর, পারুয়া, স্বনির্ভর ইউনিয়ন ও পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতী নদী; বান্দরবান জেলা ও রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ও শিলক ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত শিলক খাল; পোমরা ও বেতাগী ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত গোচরা খাল, বেতাগী খাল; কোদালা ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ডং খাল; চন্দ্রঘোনা ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হাশেম খাল; গুমাইবিলের ওপর দিয়ে প্রবাহিত মুন্দরী খাল অন্যতম। এসব খালে দেশি প্রজাতির বিভিন্ন মাছের পাশাপাশি বিপুল পরিমাণ চিংড়িও পাওয়া যায়। এলাকাবাসী জানান, মৎস্য প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত খাল ও নদীগুলোকে ঘিরে উপজেলার পারুয়া, মরিয়মনগর, পোমরা, বেতাগী, চন্দ্রঘোনা, কোদালা, শিলক ও পৌরসভার ইছাখালী এলাকায় জেলেপাড়া গড়ে ওঠে। তাঁরা যুগ যুগ ধরে এসব নদী ও খাল থেকে মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। আর মৎস্য প্রজননের এই মৌসুমে জেলেরা প্রজননক্ষেত্র থেকে মাছ শিকার বন্ধ রাখলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বাঁশ ও ঘের দিয়ে মাছ শিকার করেন।সরেজমিনে দেখা যায়, মুরাদনগর ও ঘাটচেক পৌর এলাকার মাত্র এক কিলোমিটারের মধ্যে ইছামতী নদীতে শতাধিক ঘের। এ ছাড়া গোচরা, বেতাগী, হাশেম, ডং ও মুন্দরী খালে রয়েছে অসংখ্য ঘের। মুরাদনগর পৌর এলাকার রাজু মিয়া, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, দেলা মিয়া ও কালু মিয়া জানান, ইছামতীতে তাঁদের দেওয়া ঘেরগুলোতে ১৫ দিন পরপর মাছ পাওয়া যায়। প্রতিবার পাঁচ-ছয় মণ মাছ পাওয়া যায়।আবুল কালাম আজাদ জানান, প্রতিবছর মার্চ, এপ্রিল ও মে মাসে নদীতে মাছ বেশি পাওয়া যায়। কারণ এ সময় মা-মাছ ডিম ছাড়ার জন্য ঘেরে আশ্রয় নেয়। রাঙ্গুনিয়া পৌর এলাকার ইছাখালী জেলেপাড়ার সর্দার মনমোহন জলদাশ জানান, মাছের বংশ বিস্তার ও মৎস্যসম্পদ রক্ষায় জেলেরা মার্চ থেকে মে পর্যন্ত তিন মাস মাছ ধরেন না। অথচ স্থানীয় প্রভাবশালীরা ওই সময় প্রজননক্ষেত্রগুলোতে ঘের দিয়ে অবাধে ডিমওয়ালা মাছ ধরে বাজারে বিক্রি করছেন। এতে মৎস্যকুল হারিয়ে যাচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, জেলেরা সচেতন হলেও স্থানীয় প্রভাবশালীরা আইনের তোয়াক্কা না করে সবকটি মৎস্য প্রজননক্ষেত্রে ঘের দিয়ে ডিমওয়ালা মাছ নিধন করছেন।