দুর্নীতির ১১টি মামলায় জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে জামিনের ক্ষেত্রে প্রতি মাসে ১০০ কোটি টাকা ফেরত দেওয়ার শর্ত বাতিল চেয়ে আবেদন করেছিলেন জেসমিন ইসলাম।
দুদকের করা ১১ মামলায় মহানগর দায়রা জজ ৪ আগস্ট প্রতি মাসে ১০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার শর্তে জেসমিন ইসলামের জামিন মঞ্জুর করেন। এরপর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জেসমিন ইসলাম ও দুদক পৃথক এসব আবেদন দাখিল করে। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং জেসমিন ইসলামের পক্ষে আইনজীবী শ ম রেজাউল করিম ও শাহ মঞ্জুরুল হক মামলা পরিচালনা করেন।
আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের ২২টি আবেদন ছিল। আবেদন শুনানির একপর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আবেদনগুলো শুনতে অপারগতা প্রকাশ করেন। পরে আবেদনগুলো ফিরিয়ে দেন। পরবর্তী অবকাশকালীন বেঞ্চে দুদকের আবেদনগুলো উপস্থাপন করা হবে।
হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। এতে পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। আর জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।