জেসমিন ভেজিটেবল অয়েল মিলে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় জেসমিন ভেজিটেবল অয়েল মিলের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, আগুন লাগার সময় কারখানাটি বন্ধ ছিল। অগ্নিকাণ্ডে ছয়তলা কারখানাটির নিচতলায় রাখা বৈদ্যুতিক তার, মেশিনারি সামগ্রী, চিমনি ও কাগজপত্র পুড়ে যায়। বন্দর ও আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জেসমিন ভেজিটেবল অয়েল মিল নূরজাহান গ্রুপের পরিচালনাধীন একটি প্রতিষ্ঠান। নূরজাহান গ্রুপের পরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কারখানার প্রায় এক থেকে দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে ফায়ার সার্ভিস।
এদিকে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গোসাইলডাঙা এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে একটি আধা পাকা বসতঘর পুড়ে গেছে। বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের দুটি গাড়ি সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।