জেসমিনের জামিন কেন বাতিল নয়: হাইকোর্ট

দুর্নীতির ১১টি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি নিজামুল হক ও কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন।
আগামী তিন সপ্তাহের মধ্যে ঢাকা জেলা প্রশাসক ও জেসমিন ইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। জেসমিনের পক্ষে ছিলেন আইনজীবী মনজুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।
গত ৪ আগস্ট ১১ মামলায় শর্ত সাপেক্ষে জেসমিনের জামিন মঞ্জুর করেন নিম্ন আদালত। প্রতি মাসে ১০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার শর্তে তাঁর জামিন মঞ্জুর করা হয়। ওই আদেশের বিরুদ্ধে জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে ফৌজদারি কার্যবিধিতে আবেদন করে দুদক।
হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। এতে পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগ আনা হয়। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। আর জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ অক্টোবর মানিকগঞ্জ সার্কিট হাউসের পেছনে বেওথা রোডের ১০ নম্বর বাসা থেকে জেসমিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত ৭ ফেব্রুয়ারি জেসমিন ইসলাম ১১ মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান।
ওই জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। রুলে তাঁর জামিন কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি ১১টি মামলায় জেসমিন ইসলামের জামিন বাতিল করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। একই সঙ্গে তাঁকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি জেসমিন ইসলাম নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। পুনরায় জামিন চেয়ে ওই আদালতে আবেদন করেন জেসমিন ইসলাম। পরে ৪ আগস্ট তাঁকে আবার জামিন দেওয়া হয়।