জেসমিনের জামিন বাতিল হয়নি
হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করা হয়নি। তাঁর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট ১ সেপ্টেম্বর রুল দিয়েছেন। এ কারণে গতকাল বুধবার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক কোনো আদেশ দেননি। আদালত ৬ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।
গত ৪ আগস্ট জেসমিনকে প্রতি মাসে ১০০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার শর্তে জামিন দেন আদালত। শর্তে বলা হয়েছিল, নির্ধারিত সময়ে টাকা জমা না দিতে পারলে জামিন বাতিল হবে।
জেসমিনের আইনজীবী কাজী নজীব উল্লাহ বলেন, আইনে শর্তসাপেক্ষে জামিনের বিধান নেই। তাই জামিনের শর্ত বাতিলের জন্য তাঁরা হাইকোর্টে আবেদন করেছেন, যা শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া দুদক থেকেও জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। হাইকোর্ট রুলও জারি করেছেন। উচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় এ পর্যায়ে এই মামলার ব্যাপারে আদালতের কার্যক্রম স্থগিত রাখা হোক। শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।