স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি চক্রান্ত হচ্ছে। এখন জোর করে বলা হচ্ছে বাংলাদেশে নাকি আইএস আছে। তালেবান-জঙ্গিবাদ কারা তৈরি করেছে, সেটা সবাই জানে।’ তিনি বলেন, মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) কোনো সাংগঠনিক কাঠামো এ দেশে নেই। কিছু উগ্রবাদী জঙ্গি থাকলেও তাদের কার্যক্রম নিয়ন্ত্রণে রয়েছে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর শ্যামপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। অসাম্প্রদায়িক এ দেশে জঙ্গিবাদের ধুয়া তুলে দেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না। ইসলামের অপব্যাখ্যা করে যারা ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের স্বরূপ সবার সামনে তুলে ধরতে আলেমদের প্রতি আহ্বান জানান তিনি।
আলেমদের সহায়তায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে রাজধানীতে এ ধরনের আরও চারটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।