জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী আবুল বাশার চোকদারকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আবুল বাশার উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক।
পরিবারের অভিযোগ, গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১০-১২ জন লোক আবুল বাশারকে তুলে নিয়ে যান। তাঁকে ভেদরগঞ্জ পৌর এলাকার নিজ গ্রাম গৈড্ডা থেকে ডামুড্ডা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সকাল ১০টার দিকে সাংসদ নাহিম রাজ্জাক তাঁকে নিয়ে শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে যান। দুপুর ১২টার দিকে ওই সাংসদ ডিবির পরিদর্শক সুব্রত সাহা ও কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হয়ে যান।
এদিকে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ডিবি পুলিশের ১০-১২ সদস্যের একটি দল কার্যালয়ের নিচে অবস্থান করছে। আর তার পাশেই আবুল বাশারের শত শত সমর্থক। দুপুর ১২টার দিকে সাংসদ নাহিম রাজ্জাক জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান। জেলা প্রশাসকের কক্ষে গিয়ে দেখা যায়, আবুল বাশার সেখানে বসে আছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে জানতে চাইলে আবুল বাশার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এর বেশি কিছু বলতে পারব না।’ এ কথা বলে তিনি কক্ষ থেকে বের হয়ে সমর্থকদের নিয়ে ভেদরগঞ্জ চলে যান।
আবুল বাশারের ভাই জাকির হোসেন বলেন, ‘সাংসদ নাহিম রাজ্জাক পুলিশ দিয়ে আমার ভাইকে উঠিয়ে নেন। তাঁর নিজের গাড়িতে করে ডিসি অফিসে নিয়ে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছেন।’
শরীয়তপুর জেলার ডিবি পরিদর্শক সুব্রত সাহা বলেন, ডিবির সদস্যরা কাউকে তুলে আনেননি। অভিযোগটি ভিত্তিহীন। তবে সাংসদ নাহিম রাজ্জাক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।