‘বিভিন্ন সরকারি সংস্থার কাজ করেছেন তানভীর’ শিরোনামে ২০ মার্চ প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত খবরের একাংশের প্রতিবাদ জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
প্রতিবাদপত্রে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্পষ্টত ঘোষণা দিতে চায় যে কখনোই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে তানভীর হাসান জোহার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার যোগাযোগ ছিল না। যে পত্রে ১৬ মার্চের সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল মর্মে উল্লেখ করা হয়েছিল, সেই পত্রে বিশেষত তাঁকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য কী, তা পত্রিকার সংবাদে লেখা হয়নি। ওই সভায় বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম নিবন্ধন অগ্রগতি পর্যালোচনার জন্য এ বিষয়ের সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্টদের ছাড়াও অন্য কয়েকজনকে ডাকা হয়েছিল—যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ডিজিএফআইয়ের প্রতিনিধি। তানভীর হাসানকে ডাকা হয়েছিল এ জন্য যে তিনি বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম নিবন্ধনের বিরুদ্ধে নিজেকে কখনো আইসিটির একজন কর্মকর্তা, কখনো গোয়েন্দা সংস্থার একজন, কখনো সাংবাদিক পরিচয় দিয়ে অপপ্রচার চালাচ্ছিলেন। যেহেতু আইসিটিতে তিনি কর্মরত নন বলে আইসিটি বিভাগ পত্র মারফত সবাইকে জানিয়েছে, তাহলে তিনি এসব ভ্রান্ত পরিচয় কেন দিচ্ছেন এবং কেন অপপ্রচার চালাচ্ছেন তা মিডিয়ার সামনে তুলে ধরাটাই ছিল তাঁকে ওই সভায় তলবের উদ্দেশ্য।
প্রতিবাদপত্রে দাবি করা হয়, তলবের বিষয়টি সম্পর্কে না জেনে, সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সভায় যে তলব করতে পারে, তা না জেনে অত্র বিভাগের সঙ্গে তাঁর ‘যোগাযোগ ছিল’ বলে মোটা দাগে সংবাদ পরিবেশন সাংবাদিকতার নিয়ম-নীতির পরিপন্থী ও সত্যের অপলাপ।
প্রতিবেদকের বক্তব্য: ১৬ মার্চের সভার নোটিশটি প্রথম আলোর কাছে আছে। নোটিশের কোথাও জোহাকে তলবের কথা উল্লেখ নেই। বরং সভায় অংশগ্রহণকারীদের তালিকার শেষে (১৫ নম্বরে) জোহার নাম ছিল। ১৪ মার্চ ওই বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এম রায়হান আখতার স্বাক্ষরিত নোটিশের শুরুতে বলা হয়েছে, ‘বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম নিবন্ধনের অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে আগামী ১৬-০৩-২০১৬ তারিখ বেলা ১০:০০ ঘটিকায় এ বিভাগের সভাকক্ষে (ভবন-৭, কক্ষ নং ৪০৭/এ, ৫ম তলা) এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
প্রথম আলোর পক্ষ থেকে ওই চিঠি সম্পর্কে জানতে প্রতিমন্ত্রী, সচিব ও একজন জ্যেষ্ঠ সহকারী সচিবের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউ সাড়া দেননি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বছরব্যাপী সাইবার নিরাপত্তা কর্মসূচির সঙ্গে জোহার প্রতিষ্ঠান ইনসাইট বিডি ফাউন্ডেশন যুক্ত ছিল। গতকালও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ কর্মসূচির তথ্য ও ছবি দেখা গেছে।