জোড়া লাগানো দুই নবজাতকের জন্ম
মাথা দুটি, হাত ও পা আলাদা। কিন্তু পেট ও বুক জোড়া লাগানো। আজ শুক্রবার সকালে যশোরের চৌগাছা উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে এমনই দুটি অস্বাভাবিক নবজাতকের জন্ম দিয়েছেন গৃহবধূ রিনা খাতুন। তিনি চৌগাছার উজিরপুর গ্রামের কৃষক মিন্টু হোসেনের স্ত্রী। নবজাতক দুটিকে আলাদা করার জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।
জন্ম নেওয়ার পরপরই নবজাতক দুটিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের পরামর্শক (শিশুবিশেষজ্ঞ) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্বাভাবিক দৃষ্টিতে নবজাতক দুটির মাথা ও হাত-পা আলাদা। কিন্তু পেট ও বুক জোড়া লাগানো। শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলো (অর্গান) যদি আলাদা থাকে, তবে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব হবে। এ চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভালো হবে বলে অভিভাবকদের জানানো হয়েছে। কিন্তু অর্থের অভাবে তাঁরা ঢাকায় নিতে পারছেন না। এখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। নবজাতক দুজন মোটামুটি সুস্থ রয়েছে।’
চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, পৃথিবীতে এমন অস্বাভাবিক শিশুর জন্ম হয়। অস্ত্রোপচারের মাধ্যমে কিছু আলাদা করা যায়। কিছু শিশু মারাও যায়।
নবজাতকের চাচা আকতারুজ্জামান জানান, সকালে চৌগাছার একটি বেসরকারি ক্লিনিকে রিনা খাতুন জোড়া লাগানো দুটি নবজাতকের জন্ম দেন। তাঁকে ওই ক্লিনিকে চিকিৎসা দেওয়া হলেও নবজাতক দুটিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।