জোড়া লাগানো যমজ শিশু ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জোড়া লাগানো যমজ শিশু দুটিকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল শনিবার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশু দুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে যমজ কন্যাসন্তানের জন্ম দেন। কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই রয়েছে, তবে তাদের প্রস্রাব-পায়খানার রাস্তা একটি। দুটি শিশুই স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছে। প্রস্রাব-পায়খানাও ঠিকমতো হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, জমি চাষাবাদ করে কোনো রকমে রাজু মিয়ার সংসার চলে। যমজ সন্তান জন্মের পর তিনি অর্থসংকটে পড়েন। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে গত বৃহস্পতিবার শিশু দুটিকে জেলা প্রশাসক মো. আবদুস সামাদের কাছে নিয়ে যান তিনি। জেলা প্রশাসক তাদের গাইবান্ধার সিভিল সার্জনের কাছে পাঠান।
সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী বলেন, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের সহযোগিতায় শিশু দুটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাদের প্রস্রাব-পায়খানার রাস্তা একটি। এ কারণে তাদের অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক করতে হবে। তাই উন্নত চিকিৎসার জন্য শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে করে তাদের বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হয়েছে।
রাজু মিয়া গতকাল শনিবার মুঠোফোনে বলেন, ‘ঢাকায় পৌঁছে শুক্রবার এক আত্মীয়ের বাসায় ছিলাম। আজ (শনিবার) ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি ইউনিটে বাচ্চাদের ভর্তি করেছি। আমাদের একটি ছেলে আছে। একটি মেয়ে চেয়েছিলাম। কিন্তু আল্লাহর রহমতে দুটি মেয়ে পেয়েছি। আমি খুবই খুশি। তারা সুস্থ থাকলে আরও সুখী হব।’