জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকট প্রকট হয়ে উঠেছে৷ ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী এখানে ২০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন পাঁচজন। এঁদের মধ্যে তিন-চারজন আবার নিয়মিত অনুপস্থিত থাকেন৷ এতে এখানে এসে রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না৷
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ মে ৫০ শয্যার ভবন উদ্বোধন করেন বর্তমান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। দুই বছর পরও ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি৷ আগের ৩১ শয্যার জনবল দিয়েই ৫০ শয্যার কার্যক্রম চালানো হচ্ছে৷ তবে ৩১ শয্যার জনবলকাঠামোর নয়জন চিকিৎসক এখানে নেই৷ চারটি পদই শূন্য৷ এগুলো হচ্ছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ও ডেন্টাল সার্জন৷ যে পাঁচজন কর্মরত আছেন তাঁরা হলেন চিকিৎসা কর্মকর্তা আরিফ ভূঁইয়া, মিথিলা শারমীন, রাবিয়া বসরী, এ এম জেড কাদির এবং জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) সৈয়দা সানজিদা রুনা৷
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোশাররফ হোসেন জানান, চিকিৎসক এ এম জেড কাদিরসহ অনেক চিকিৎসক আজ ঢাকায় কাল জামালপুরে প্রশিক্ষণে থাকেন। জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) সৈয়দা সানজিদা রুনা গত মাসে ঢাকায় প্রশিক্ষণের কথা বলে আজও যোগদান করেননি। চিকিৎসা কর্মকর্তা আরিফ ভূঁইয়া ও মিথিলা নাসরীন নিয়মিত অনুপস্থিত থাকেন৷ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১০০ এবং অন্তর্বিভাগে ২০ জন রোগী চিকিৎসা নেন৷ কিন্তু চিকিৎসক-সংকট থাকায় তাঁদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না৷
গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা গেছে, ডাক্তার রাবিয়া বসরী বহির্বিভাগের ৫ নম্বর কক্ষে চিকিৎসা দিচ্ছেন৷ তাঁর কক্ষের সামনে কমপক্ষে ৩০ জন রোগী অপেক্ষা করছেন৷ অন্য কোনো চিকিৎসক না থাকায় এখানে সেবা দেওয়ার পর তাঁকেই আবার অন্ত ও জরুরি বিভাগের রোগী দেখতে হয়েছে।
ওই দিন চিকিৎসা কর্মকর্তা আরিফ ভূঁইয়া, মিথিলা শারমীন, এ এম জেড কাদির এবং জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) সৈয়দা সানজিদা রুনাকে হাসপাতালে পাওয়া যায়নি৷
পরে খোঁজ নিয়ে জানা গেছে, এ এম জেড কাদির ওই দিন জামালপুরে প্রশিক্ষণে ছিলেন এবং মিথিলা শারমীন একটি ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেছেন৷ অনুপস্থিত থাকার বিষয়ে আরিফ ভূঁইয়া ও সৈয়দা সানজিদা রুনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি৷
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, ‘আমি প্রায় পাঁচ বছর ধরে এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছি। আজও একসঙ্গে তিনজন চিকিৎসককে পাইনি। তাঁরা ট্রেনিংয়ের কথা বলে জামালপুর এবং ঢাকায় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন।’
উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা রাবিয়া বসরী চিকিৎসক-সংকটের কথা স্বীকার করে জানান, বর্তমানে জোড়াতালির মাধ্যমে এখানকার কার্যক্রম চালানো হচ্ছে। তিনি কিছুদিন আগে এখানে যোগদান করেছেন৷ এ কারণে অন্যান্য চিকিৎসকের অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না৷
সিভিল সার্জন হাফিজুর রহমান জানান, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।