জোড়াতালি দিয়ে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের পদ ২৪টি, কর্মরত আছেন আটজন। এর মধ্যে চারজন অতিথি শিক্ষক। ফলে শিক্ষার্থীদের পাঠদান চলছে জোড়াতালি দিয়ে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত শিক্ষকদের মধ্যে বাংলা, শারীরিক শিক্ষা, পালি ও ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক আছেন একজন করে। গণিত বিষয়ে পাঠদান করান অতিথি শিক্ষক। এ ছাড়া অন্য দুজন অতিথি শিক্ষক বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। বিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগে শিক্ষক না থাকায় কোনো শিক্ষার্থীও নেই। এদিকে নিয়মিত শিক্ষকদের মধ্যে একজন প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। তাঁকে প্রায় সময় দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। অবশিষ্ট সাতজন শিক্ষক পাঠদান করেন ৭০০ জনের বেশি শিক্ষার্থীকে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ পাটোয়ারি বলেন, বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয় পড়াতে হয়। বিষয়ভিত্তিক শিক্ষক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক বার আবেদন করা হয়েছে।
দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানায়, তাদের শ্রেণিতে সব বিষয় একজন শিক্ষকই পড়ান। নবম শ্রেণির শিক্ষার্থী নিউটন চাকমা ও পারিকা চাকমা জানায়, অতিথি শিক্ষকের মাধ্যমে তাদের পড়ানো হয়।
শিক্ষকেরা জানান, তাঁদের প্রতিদিন সাত থেকে আটটি করে ক্লাস নিতে হয়। বিজ্ঞান বিভাগের শিক্ষককে নিতে হয় ১০টি করে। এ অবস্থায় সব বিষয়ে ভালোভাবে পাঠদান করা সম্ভব হয় না।
অভিভাবক রিপন চাকমা বলেন, শিক্ষক-সংকটের কারণে শিক্ষার্থীপ্রতি ১০০ টাকা নিয়ে চারজন অতিথি শিক্ষক রাখা হয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় পড়াশোনায় মান উন্নয়ন হচ্ছে না। তিনি জানান, শিক্ষক–স্বল্পতায় গত এসএসসি পরীক্ষায় খারাপ ফল হয়েছে। সামনের পরীক্ষায়ও একই অবস্থা হওয়ার আশঙ্কা রয়েছে।
বিদ্যালয় সূত্র জানায়, এ বছর এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২১ জন। এর মধ্যে পাস করেছে মাত্র ৪২ জন। পাসের হার ৩৪ দশমিক ৪২। একজনও জিপিএ-৫ পায়নি। পরীক্ষার্থীদের মধ্যে গণিতে অকৃতকার্য হয়েছে ৫১ জন। ২০১৪ সালে এসএসসিতে ১১৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১৩ জন। জিপিএ-৫ পায়নি একজনও। এ ছাড়া ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় ৮০ জন পরীক্ষা দিয়ে ৬৪ জন পাস করেছে। কেউ জিপিএ-৫ পায়নি।
জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয়জয় চাকমা বলেন, উপজেলার দুর্গম এলাকা থেকে এসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয় হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক-সংকট লেগেই আছে। ফলে মানসম্মত শিক্ষা থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনের কাজ চলায় নিয়োগ বন্ধ রয়েছে। তবে রমজানের বন্ধের পর ইংরেজি ও সামাজিক বিজ্ঞান বিষয়ে একজন করে শিক্ষক দেওয়া হবে। এ ছাড়া সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি ইনস্যুরেন্স অ্যান্ড এনহেন্সমেন্ট প্রোগ্রামের (সেফায়েপ) আওতায় শূন্যপদে স্থানীয় যোগ্যতাসম্পন্ন যুবকদের নিয়োগের কার্যক্রমও শুরু হয়েছে।