জোড়াতালি দিয়ে চলছে যে হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের সদর রাস্তার পাশে আধুনিক সদর হাসপাতাল। গতকাল সোমবার বেলা ১১টায় হাসপাতালের প্রাচীরঘেরা প্রাঙ্গণে ঢুকে প্রথমেই খুঁজে বের করলাম সিভিল সার্জনের কার্যালয়। তিনিই ১০০ শয্যার এই সরকারি হাসপাতালটির তত্ত্বাবধায়ক। সাংবাদিক পরিচয় দিয়ে কথা শুরু করলে তিনি আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে উঠলেন। তিনি জানালেন, ঠাকুরগাঁও সদর হাসপাতাল নিয়ে আমার লেখা প্রতিবেদনটি তিনি পড়েছেন। তাঁর হাসপাতালটি নিয়েও যেন এমনভাবে লিখি, যাতে পঞ্চগড় জেলার সবচেয়ে বড় সরকারি এই চিকিৎসা প্রতিষ্ঠানটির উপকার হয়।
আপনার হাসপাতালে এ মুহূর্তে কতজন রোগী ভর্তি আছে—এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি মুঠোফোনে কাউকে জরুরি তলব করলেন। আমি বললাম, ‘দয়া করে নথিপত্র সঙ্গে নিয়ে আসতে বলুন।’ তিনি সেটা করলেন। কিছুক্ষণ পরেই নথিপত্র নিয়ে হাজির হলেন হাসপাতালের হেড ক্লার্ক ওবায়দুর রহমান। তাঁর কাছ থেকে এসব তথ্য জানা গেল: ১০০ শয্যার হাসপাতালটিতে এ মুহূর্তে ভর্তি আছেন ১৩১ জন রোগী। আগের দিন জরুরি বিভাগ ও আউটডোরে সেবা দেওয়া হয়েছে ৫৫২ জনকে। কর্মরত চিকিৎসকের সংখ্যা মাত্র ৮, নার্স ৩৬ জন। তিনটি এক্স-রে মেশিনের মধ্যে কাজ করে মাত্র একটি, অন্য দুটি দুই বছরের বেশি সময় ধরে নষ্ট। আলট্রাসাউন্ড মেশিন মাত্র একটি, এক বছরের বেশি সময় ধরে বিকল।
সিভিল সার্জন আহাদ আলীকে জিজ্ঞেস করলাম, কর্মরত আটজন চিকিৎসকের মধ্যে এ মুহূর্তে কতজন হাসপাতালে উপস্থিত আছেন, তাঁরা কখন আসেন, কখন চলে যান। তিনি বললেন, প্রত্যেক চিকিৎসকই উপস্থিত আছেন, প্রত্যেকেই নিয়মিত কর্মক্ষেত্রে আসেন সকাল সাড়ে আটটায়, চলে যান বেলা আড়াইটায়। তিনি আরও বললেন, এ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট থেকে মেডিকেল অফিসার পর্যন্ত চিকিৎসকের অনুমোদিত পদ ৩৬, এর মধ্যে ২৮টি পদই শূন্য। তাই সদর উপজেলার উপস্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে সাতজন মেডিকেল অফিসারকে এনে রোগীর চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি অনুরোধ করে বললেন, ‘বিশেষভাবে গাইনি বিভাগের কথাটা লিখবেন, এখানে একজনও গাইনি কনসালট্যান্ট নেই। কিন্তু গাইনি সমস্যা নিয়ে প্রচুর মহিলা আসছেন। আমাদের একজন গাইনি কনসালট্যান্ট খুবই দরকার।’
বিভাগ ও পদ ধরে ধরে চিকিৎসকের শূন্যতার কথা তিনি বলে চললেন, আমি সেসব টুকে নিলাম। কিন্তু শূন্যতার সেই ফিরিস্তি দেওয়ার জায়গা এ লেখায় নেই।
সিভিল সার্জনের কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতালের দিকে পা বাড়ালে তিনি আমার সঙ্গে আসতে চাইলেন, আমি তাঁকে অনুরোধ করলাম তা না করতে। তিনি নিতান্ত অনিচ্ছায় নিরস্ত হলে আমি হাসপাতালের আউটডোরে ঢুকলাম। দুপুর ১২টায় সেখানে অল্প কিছু রোগীর দেখা মিলল বিভিন্ন কক্ষের দরজায়। মেডিকেল অফিসাররা রোগী দেখছেন, বেশির ভাগ রোগীই নারী ও শিশু। চেহারা ও বেশভূষায় দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট। তিনজন কনসালট্যান্টের কক্ষে তালা ঝুলতে দেখলাম। আশপাশে জিজ্ঞেস করলে শোনা গেল, তাঁদের একজন ওটিতে, অন্য দুজন ওয়ার্ডে। দোতলায় বিভিন্ন ওয়ার্ডে রোগীদের শয্যাগুলোতে রোগী আছে, দু-চারজন রোগীর স্থান হয়েছে মেঝেতে। বারান্দায় কোনো রোগী নেই। একটি ওয়ার্ডে একজনের বেশি নার্সের দেখা মিলল না। পুরো হাসপাতালটি ঘুরে দেখা গেল, বারান্দা ও ওয়ার্ডগুলো বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। ঠাকুরগাঁও সদর হাসপাতালের বিপরীত চিত্র এখানে।
কিন্তু প্রশ্ন হলো এ রকম একটা সরকারি হাসপাতাল থাকতে পঞ্চগড় শহরে পাঁচটিসহ পুরো জেলায় ১২টি বেসরকারি ক্লিনিক আর ১৪টি রোগনির্ণয় কেন্দ্র গড়ে উঠেছে কেন? সেগুলো চলছেই বা কীভাবে?
শহরের পাঁচটি বেসরকারি ক্লিনিকের প্রতিটিতে একের পর এক সশরীরে গিয়ে দেখে, ব্যবস্থাপক, মালিক, কর্মী ও রোগীদের সঙ্গে কথা বলে যা বোঝা গেল তাতে বলতে হয়, এগুলোর মধ্যে একটি ছাড়া বাকিগুলো আসলে ক্লিনিক বা চিকিৎসা কেন্দ্র নয়, অস্ত্রোপচার কেন্দ্র। নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্থায়ী কোনো চিকিৎসক নেই। বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত কিংবা ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাদানকারী চিকিৎসক, বিশেষ করে শল্যচিকিৎসকদের ডেকে এনে রোগীদের অস্ত্রোপচার করানোই এগুলোর ব্যবসা। ১০ শয্যার ‘ক্লিনিক’ বা ‘হাসপাতাল’ হিসেবে অনুমোদনপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানে কোনো রোগী ভর্তি হন কেবল তখনই, যখন চিকিৎসক তাঁকে বলেন তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। ক্লিনিক ভেদে এগুলোতে প্রতি মাসে গড়ে অস্ত্রোপচারের সংখ্যা ৩৫ থেকে ৫০। এসবের মধ্যে ৭০ থেকে ৯০ শতাংশই সিজারিয়ান বা অস্ত্রোপচার করে গর্ভের সন্তানের জন্ম দেওয়া। সন্তান প্রসবে প্রতিটি অস্ত্রোপচারে খরচ ৭ থেকে ১০ হাজার টাকা। অন্যান্য অস্ত্রোপচারের মধ্যে নারীদের জরায়ু অপসারণ, হার্নিয়া, অ্যাপেনডিকস, ফিস্টুলা, নানা ধরনের ঘা, টিউমার ইত্যাদি।
স্থানীয় সদর হাসপাতালের চিকিৎসকসহ রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে চিকিৎসকেরা এসে এসব ক্লিনিকে অস্ত্রোপচার করেন।
ব্যতিক্রম মাত্র একটি: ‘নিউ লাইফ ক্লিনিক’। দোতলা একটি বাড়িতে স্থাপিত ১০ শয্যার এই ক্লিনিকটিতে আমার যাওয়ার মুহূর্তে নয়জন রোগী ভর্তি ছিলেন। চিকিৎসক দম্পতি খালেদ তৌহিদ পুলক ও নাদিরা বেগম কেয়া এই ক্লিনিকটি পরিচালনা করেন, তাঁরা অন্য কোথাও চাকরি করেন না। সেখানে গিয়ে দেখতে পেলাম, সাধারণ হাসপাতালের মতো রোগীরা নানা সমস্যা নিয়ে এসেছেন, বেশির ভাগই অত্যন্ত দরিদ্র। মো. সুলতান নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি অসুস্থ স্ত্রীকে দেখাতে নিয়ে এসেছেন। আমার জিজ্ঞাসার জবাবে তিনি বললেন, তাঁর পকেটে আছে ৮০ টাকা, চিকিৎসককে ভিজিট দেবেন ৫০ টাকা। চিকিৎসক পুলক বললেন, এখানে ফি দেওয়ার বাধ্যবাধকতা নেই। হতদরিদ্র রোগীদের কাছ থেকে ফি নেওয়া হয় না। যাঁরা ফি দেন, তাঁদের কাছ থেকে ৩০০ টাকার বেশি নেওয়া হয় না। এখানে অস্ত্রোপচারের খরচও অন্যান্য ক্লিনিকের চেয়ে কম, সন্তান প্রসবে অস্ত্রোপচার চার থেকে সাত হাজার টাকা পর্যন্ত।
তাঁকে জিজ্ঞেস করলাম, সন্তান প্রসবে এত অস্ত্রোপচার কেন? হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কি আর স্বাভাবিক সন্তান প্রসব বলে কোনো কথা নেই? তিনি বললেন, ‘সত্যিকার অর্থে নেই। তবু কিছু কিছু নরমাল ডেলিভারি হয়’, হাসতে হাসতে বললেন, অপারেশনের জন্য সার্জন আসতে আসতে, কিংবা ওটি রেডি করতে করতেই নরমালি ডেলিভারি হয়ে যায়।’

আরও পড়ুন: