জোড়াতালি দেওয়া লঞ্চ এবারও নামছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে লক্কড়ঝক্কড় লঞ্চ মেরামতের কাজ চলছে। ছবিটি মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ থেকে তোলা l প্রথম আলো
ঈদ উপলক্ষে লক্কড়ঝক্কড় লঞ্চ মেরামতের কাজ চলছে। ছবিটি মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ থেকে তোলা l প্রথম আলো

প্রতিবছরের মতো গত ঈদুল ফিতরেও যাত্রীবাহী লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল, এবারও হয়েছে। কিন্তু অতিরিক্ত যাত্রী গত ঈদেও সব লঞ্চে ছিল। এবারও দেখা গেল, ক্ষমতার বেশি যাত্রী বহন করছে অধিকাংশ নৌযান।
নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিদর্শক ও কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত যাত্রী উঠতে দেওয়া হবে না বলে যে ঘোষণা দেওয়া হয়, তা শুধুই ঘোষণা, বাস্তবে হয় না। এর জন্য প্রধানত দায়ী লোকবলের ঘাটতি। লোকবলের অভাবের কারণেই এবারের ঈদ সামনে রেখে সমুদ্র পরিবহন অধিদপ্তরের আটজন উচ্চমান সহকারীকে পরিদর্শকের ভূমিকায় নামানো হয়েছে।
তবে লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ দাবি করেছেন, যথেষ্ট তদারকির ব্যবস্থা আছে, সুতরাং ঈদে লঞ্চ দুর্ঘটনা না ঘটারই সম্ভাবনা। তাঁর মতে, অতিরিক্ত যাত্রী ঠেকানোর জন্য যে অবকাঠামোগত ব্যবস্থা দরকার, তা দেশে নেই।
ঈদ উপলক্ষে এবারও ঝুঁকিপূর্ণ, দুর্বল এমনকি ফিটনেসবিহীন যাত্রীবাহী লঞ্চ চলছে বলে জানান কর্মকর্তারা। সদরঘাটের আশপাশে বুড়িগঙ্গা নদীতীরের কিছু ডকইয়ার্ডে এগুলো জোড়াতালি ও রং-চুন করে নতুন করে তোলা হয়েছে। এখনো হচ্ছে। এসব লঞ্চ ধীরে ধীরে নামানো হচ্ছে।
গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সদরঘাটের আশপাশের যেসব ডকইয়ার্ডে লঞ্চ তৈরি ও মেরামত হচ্ছে, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি বৈধভাবে গড়ে ওঠেনি। কিন্তু এগুলোর বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যথাযথ ব্যবস্থা নেয় না বলে অভিযোগ রয়েছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তারাই বলেন, ২০০৭ সালের ফেব্রুয়ারির পর এসব ডকইয়ার্ডের বিরুদ্ধে কার্যকর কোনো উচ্ছেদ অভিযানও হয়নি। ডকইয়ার্ডগুলো নদীদূষণ করছে বলেও পরিবেশবাদীরা বলেছেন।
কেরানীগঞ্জের চরকালীগঞ্জ তেলঘাট, খেজুরবাগ, হাসনাবাদ এলাকায় ডকইয়ার্ডে গিয়ে অন্তত ২০টি লঞ্চ মেরামত ও রং করার কাজ চলতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক তেলঘাট এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি বলেন, সপ্তাহ খানেক ধরে এসব লঞ্চের মেরামতের কাজ চলছে। এর মধ্যে বড় ধরনের ত্রুটিও ছিল অনেক লঞ্চের।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, চলাচলের অযোগ্য প্রমাণিত হওয়ায় ২০০৪ সালে ৩১টি যাত্রীবাহী লঞ্চের ফিটনেস বাতিল করা হয়েছিল। তারপর আনুষ্ঠানিকভাবে বাতিল করা নৌযানের সংখ্যা হাতে গোনা। চলতি বছরের শুরুতে কিছু লঞ্চের ফিটনেস বাতিল করা হয়। কিন্তু সেগুলো গত ঈদুল ফিতরেও চলাচল করেছে বলে অধিদপ্তর সূত্রে জানা যায়।
জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমোডর জাকিউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অনিবন্ধিত অনেক লঞ্চ রয়েছে সত্য, কিন্তু সেখানে বড় নৌযান কম। বেশির ভাগই তৈরি হয়েছে নদীর ধারে, মাঠে বা বাড়ির আঙিনায়। এগুলোকে ভ্যাটের আওতায় আনার চেষ্টা হচ্ছে, সফল হলে নিবন্ধনও সম্ভব।