জোড়াতালির কাজ, বৃষ্টিতে যা-তাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে তড়িঘড়ি করে ইট–বালু দিয়ে চলছে রাস্তা সংস্কারের কাজ। ছবিটি যশোর–খুলনা মহাসড়কের সাকারীগাতী এলাকা থেকে গতকাল তোলা l এহসান–উদ–দৌলা
ঈদের আগে তড়িঘড়ি করে ইট–বালু দিয়ে চলছে রাস্তা সংস্কারের কাজ। ছবিটি যশোর–খুলনা মহাসড়কের সাকারীগাতী এলাকা থেকে গতকাল তোলা l এহসান–উদ–দৌলা

যশোর-খুলনা মহাসড়কের যশোরের মুড়ুলি থেকে নওয়াপাড়া পর্যন্ত ২২ কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। ঈদের আগে যান চলাচল স্বাভাবিক রাখতে গর্তে ফেলা হচ্ছে ইট-বালু। কিন্তু জোড়াতালির এই কাজ ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে। অবস্থা সেই আগের মতোই। বড় বড় গর্ত আর কাদা-পানিতে একাকার এই সড়কে যাতায়াতের সময় প্রাণ ওষ্ঠাগত হচ্ছে যাত্রীদের।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, যশোর সদর উপজেলার মুড়ুলির মোড় থেকে জামতলার আফিল ইটভাটা পর্যন্ত নয় কিলোমিটারের মধ্যে ক্ষণিকা পিকনিক কর্নার, রূপদিয়াসহ বিভিন্ন জায়গায় বিটুমিনের আস্তরণ দেওয়া হয়েছে। বর্ষার মধ্যে ওই বিটুমিন দেওয়ার কারণে দুই দিন না যেতে বিটুমিনে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এই নয় কিলোমিটারে যানবাহন মোটামুটি চলাচল করতে পারলেও এর পর থেকে বসুন্দিয়া পর্যন্ত ছয় কিলোমিটারের অবস্থা অত্যন্ত নাজুক। এর মধ্যে দুই কিলোমিটার সড়কে আগে থেকে খুঁড়ে বিটুমিনের আস্তরণ তুলে রাখা হয়েছে। বৃষ্টির কারণে এই অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
শাখারিগাতি এলাকায় গিয়ে দেখা গেল, প্রচণ্ড বর্ষার মধ্যে সড়ক ও জনপথের লোকজন আধলা ইট বিছিয়ে গর্ত ভরাটের চেষ্টা করছেন। সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বর্ষার মধ্যে সেখানে কাজের খোঁজখবর নিচ্ছেন।
এই পথের বাসের চালক তোবার আলী গতকাল প্রথম আলোকে বলেন, খুলনা থেকে যশোরের পালবাড়ি পর্যন্ত যেতে এক ঘণ্টা ৫০ মিনিট সময় দেওয়া থাকে। কিন্তু সময়মতো পৌঁছানো যাচ্ছে না কোনো দিন। রাস্তা খারাপ হওয়ায় আধা ঘণ্টা বেশি সময় নষ্ট হচ্ছে।
ট্রাকচালক জুলফিকার আলী বলেন, চার দিন আগে সারবোঝাই একটি ট্রাক নওয়াপাড়া থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে শাখারিগাতি এলাকায় সড়কের গর্তে আটকে যায়। ট্রাকটি যত ওঠানোর চেষ্টা করা হচ্ছিল, তত আটকে যাচ্ছিল। পরে হাইওয়ে পুলিশের একটি দল জেটিকল এনে ট্রাকটি তুলে যানজট ছাড়িয়ে চলাচল স্বাভাবিক করে। শাখারিগাতি ও নওয়াপাড়ার নূরবাগ এলাকায় প্রায় এমন ঘটনা ঘটছে বলে তিনি জানান।
শাখারিগাতি এলাকাল বাসিন্দারা জানান, বর্ষায় সড়কে কাদা-পানি জমে যাচ্ছে আর আর দু-এক দিন রোদ থাকলে ধুলাবালুতে একাকার। ধুলায় এলাকায় টেকা দায় হয়ে যাচ্ছে।
নওয়াপাড়ার রাজঘাট এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত মহাসড়কটির সংস্কারকাজ শেষ করার দাবি জানান তাঁরা।
শাখারিগাতি এলাকায় সংস্কারকাজের তদারকি করছিলেন সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারকাজ করছে। তাদের পাশাপাশি সওজ থেকে ইট-বালু ফেলে গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে।’ বৃষ্টি কমলে সড়ক পুরোপুরি ভালো হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সড়ক ও জনপথ বিভাগের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার আরবিএল-এএস (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান মহাসড়কটি সংস্কারকাজ করছে। ওই প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী আকমল হক সরকার প্রথম আলোকে বলেন, ‘বর্ষার কারণে বিটুমিনের কাজ করা যাচ্ছে না। তার পরও মুড়ুলির মোড় থেকে জামতলা পর্যন্ত কয়েকটি জায়গায় দেড় কিলোমিটারের মতো ম্যাকাডাম (ইট বিছিয়ে) করে বিটুমিনের আস্তরণ দেওয়া হয়েছে। জামতলা থেকে কিলোমিটার খানেক ও নূরবাগ এলাকার কিছু অংশ বেশি খারাপ। বালু ফেলে ওই অংশটি ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে।